আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

২০২৮ অলিম্পিকের ভেন্যু লস এঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম। ছবি: ডানিয়া ম্যাক্সওয়েল/লস এঞ্জেলেস টাইমস

২০২৮ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস সামনে রেখে লস এঞ্জেলেসে শিল্প-সংস্কৃতির নানা আয়োজনের পরিকল্পনা চলছে। কিন্তু এসব আয়োজনের অর্থ কে দেবে, কীভাবে সমন্বয় হবে এবং নেতৃত্ব দেবে কোন প্রতিষ্ঠান—এসব প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর নেই। আয়োজকদের এই অনিশ্চয়তার মধ্যে স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক সংগঠন, জাদুঘর, ফাউন্ডেশন ও দাতারা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ এবং অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছেন।

অলিম্পিকের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক আয়োজনের নাম ‘কালচারাল অলিম্পিয়াড’। গেমসের আর মাত্র দেড় বছরের কিছু বেশি সময় বাকি থাকলেও এর জন্য কেন্দ্রীয় কোনো সমন্বিত পরিকল্পনা এখনো দৃশ্যমান নয় বলে সমালোচনা করছেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকে।

অলিম্পিক আয়োজনের দায়িত্বে থাকা এলএ২৮ বলছে, তারা স্বাধীনভাবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর প্রচার করবে এবং দর্শকদের প্রবেশমূল্য কমাতে সহায়তা দেবে। তবে এসব অনুষ্ঠান তৈরি বা পরিচালনার খরচ সরাসরি বহন করবে না সংস্থাটি। ফলে অর্থায়নের দায়িত্ব পড়ছে মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বেসরকারি দাতা ও বিভিন্ন ফাউন্ডেশনের ওপর।

এলএ২৮-এর কালচারাল অলিম্পিয়াডের নির্বাহী পরিচালক নোরা হালপার্নের বক্তব্য, লস এঞ্জেলেসের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। বিভিন্ন উদ্যোগকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার পরিবর্তে আগে থেকেই চলমান সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামনে আনতে চান তাঁরা। তাঁর ভাষ্য, এলএ২৮-এর দায়িত্ব অনুদান দেওয়া নয়; বরং বিভিন্ন আয়োজনকে প্রচারের সুযোগ করে দেওয়া।

তবে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রত্যাশা ছিল ভিন্ন। তারা চেয়েছিল, অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে একটি সমন্বিত তহবিল ও পরিকল্পনা তৈরি হবে। গেটি জাদুঘরের ‘পিএসটি আর্ট’-এর মতো প্রদর্শনী আয়োজনের পাশাপাশি অর্থায়ন ও প্রচারের ব্যবস্থাও থাকবে। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অর্থের ব্যবস্থা নিজেরাই করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে পেরেনচিও ফাউন্ডেশন ও কোল ফ্যামিলি ফাউন্ডেশন। তারা ‘সামার অব ’২৮—অনলি ইন এলএ’ নামে একটি উদ্যোগ চালু করেছে। এর আওতায় লস এঞ্জেলেসের শিল্প-সংস্কৃতি প্রতিষ্ঠানগুলোকে পরিবেশনা, সরাসরি অভিজ্ঞতাভিত্তিক অনুষ্ঠান ও বিশেষ শিল্পকর্মের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের বার্ষিক পরিচালন বাজেট অন্তত ১০ লাখ ডলার, তারা ১১ ডিসেম্বরের মধ্যে প্রস্তাব জমা দিতে পারবে।

অন্যদিকে, দাতা জেরি কোল বড় পরিসরের সাংস্কৃতিক প্রকল্পে অর্থ দিতে আগ্রহী ব্যক্তিদের একত্র করছেন। তাঁর পরিকল্পনা, অন্তত ১০ লাখ ডলার বিনিয়োগে আগ্রহী দাতাদের নিয়ে একটি তহবিল গঠন করা এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচিত প্রকল্পগুলোকে অনুদান দেওয়া। কোল ও তাঁর স্ত্রী টেরি এর আগে লস এঞ্জেলেস অপেরা এবং হলিউড বোলের বিভিন্ন প্রকল্পে বড় অঙ্কের অনুদান দিয়েছেন।

ক্যালিফোর্নিয়া কমিউনিটি ফাউন্ডেশনও স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অর্থদাতাদের মধ্যে যোগাযোগ তৈরি করছে। সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মিগেল এ সান্তানা জানিয়েছেন, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা আসতে পারে।

আয়োজনের পরিকল্পনাও কম নয়। মিউজিক সেন্টার ও গ্র্যান্ড অ্যাভিনিউয়ের কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান মিলে বহুদিনের একটি অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে। সান্তা মনিকা কর্তৃপক্ষ ‘মিউজিয়াম ওয়েস্ট’ নামে উপকূলীয় বিভিন্ন স্থানে শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা করছে। সেখানে অনুদানের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার বরাদ্দের সুযোগও রয়েছে।

স্কিরবল কালচারাল সেন্টার ১৯৮৪ সালের লস এঞ্জেলেস অলিম্পিকের নকশা ও শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছে। ২০২৮ সালের জানুয়ারিতে এটি চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এলএ২৮-এর নিজস্ব পরিকল্পনায় রয়েছে অলিম্পিক ও প্যারালিম্পিকের জন্য ১৬টি আনুষ্ঠানিক শিল্পপোস্টার এবং ২৮টি বিনা মূল্যের চলচ্চিত্র প্রদর্শনী।

স্থানীয় পর্যায়ে আয়োজন ছড়িয়ে দিতে ‘মোজাইক এলএ’ নামে একটি কাঠামো তৈরির কাজ করছে ‘আর্টস ফর এলএ’। এর লক্ষ্য বিভিন্ন এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর অর্থায়ন, সমন্বয় ও প্রচার নিশ্চিত করা। এ উদ্যোগের সঙ্গে যুক্ত সংগঠকেরা প্রায় ৯ কোটি ডলারের একটি সম্ভাব্য বাজেট নিয়েও আলোচনা করেছেন। তবে এই অর্থের বড় অংশ বেসরকারি অনুদান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি পর্যায়েও কিছু উদ্যোগ রয়েছে। লস এঞ্জেলেস নগর কর্তৃপক্ষ তাদের বিদ্যমান শিল্প-সংস্কৃতি বাজেট থেকে ১ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ করেছে। এ অর্থ দিয়ে নগরের ১৫টি কাউন্সিল জেলায় উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিও বিদ্যমান অনুদান, তরুণদের কর্মসূচি ও সাংস্কৃতিক অংশীদারত্বের মাধ্যমে আয়োজন বাড়ানোর চেষ্টা করছে।

তবে অর্থের পাশাপাশি সমন্বয় ও দর্শক পাওয়ার বিষয়টিও বড় চ্যালেঞ্জ। অলিম্পিকের কিছু সাইক্লিং ইভেন্টের কারণে গ্রিফিথ পার্ক এলাকায় চলাচল সীমিত হলে অট্রি মিউজিয়ামে দর্শক প্রবেশে সমস্যা হতে পারে। আবার অলিম্পিক দেখতে আসা দর্শকেরা স্বাভাবিকভাবেই জাদুঘর বা সাংস্কৃতিক অনুষ্ঠানেও যাবেন—এমন নিশ্চয়তা নেই।

তবু আয়োজকদের আশা, ২০২৮ সালের গেমসকে ঘিরে তৈরি হওয়া এই উদ্যোগগুলো শুধু অলিম্পিকের সময়েই সীমাবদ্ধ থাকবে না। বরং স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকার মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করবে। অর্থায়ন ও নেতৃত্বের ঘাটতি কাটিয়ে উঠতে পারলে এই সাংস্কৃতিক আয়োজন লস এঞ্জেলেসের জন্য অলিম্পিকের বাইরেও স্থায়ী অবদান রাখতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত