সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ
৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের
রুশ ধনকুবের ভ্লাদিমির পুতানিন। ছবি: এএফপি/গেটি ইমেজেস
রাশিয়ার ধনকুবের ভ্লাদিমির পুতানিনের বিরুদ্ধে ২১৭ কোটি ৪০ লাখ পাউন্ডের আর্থিক দাবি নিয়ে লন্ডনের আদালতে শুরু হয়েছে বহুল আলোচিত বিবাহবিচ্ছেদ মামলা। সাবেক স্ত্রী নাতালিয়া পুতানিনা এই অর্থের পাশাপাশি রাশিয়ায় একটি বিলাসবহুল সম্পত্তি এবং ২০১৪ সালের পর পুতানিনের পাওয়া লভ্যাংশের অংশও দাবি করছেন। মামলাটি ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের বিবাহবিচ্ছেদসংক্রান্ত আর্থিক বিরোধগুলোর একটি হতে পারে।
বুধবার লন্ডনের হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু হয়। পুতানিন বিশ্বের অন্যতম বড় প্যালাডিয়াম উৎপাদক এবং পরিশোধিত নিকেলের প্রধান উৎপাদক প্রতিষ্ঠান নরিলস্ক নিকেলের প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানটিতে তাঁর নিয়ন্ত্রণাধীন ইন্টাররসের ৩৪ দশমিক ২ শতাংশ শেয়ার রয়েছে। সাবেক স্ত্রীর দাবি মেনে নেওয়া হলে এই শেয়ারের কিছু অংশ বিক্রি করতে হতে পারে তাঁকে।
নাতালিয়া পুতানিনার আইনজীবী চার্লস হাওয়ার্ড আদালতে বলেছেন, তাঁদের মক্কেল সাবেক স্বামীর নরিলস্ক নিকেলের শেয়ারে প্রকৃত মালিকানার অর্ধেক মূল্য, ২০১৪ সাল থেকে পাওয়া লভ্যাংশের অর্ধেক এবং রাশিয়ার একটি বিলাসবহুল বাড়ির অংশ চান। তাঁর দাবি, দীর্ঘ দাম্পত্য জীবনে যে বিপুল সম্পদ গড়ে উঠেছিল, তার তুলনায় নাতালিয়া খুব সামান্য অর্থ পেয়েছেন।নাতালিয়ার পক্ষ থেকে আদালতের বাইরে সমঝোতার প্রস্তাবও দেওয়া হয়েছে। এতে ২১৭ কোটি ৪০ লাখ পাউন্ড দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর আইনজীবীর দাবি, পুতানিনের প্রায় ১৪ বিলিয়ন পাউন্ডের সম্পদের তুলনায় এই অর্থ মোট সম্পদের প্রায় সাত ভাগের এক ভাগ। পুতানিনের সম্পদ ও মালিকানার তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।
অন্যদিকে পুতানিনের আইনজীবীরা দাবি করছেন, রাশিয়ার আদালতের মাধ্যমে নাতালিয়া ইতিমধ্যে প্রায় ৮০ মিলিয়ন ডলার পেয়েছেন। তবে নাতালিয়া এই হিসাব নিয়ে আপত্তি জানিয়েছেন। পুতানিনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের আদালত কোনো অর্থ দেওয়ার নির্দেশ দিলেও তা পরিশোধ করা কঠিন হতে পারে।
পুতানিনের আইনজীবী এডওয়ার্ড ফল্কস আদালতে যুক্তি দিয়েছেন, এত বড় অঙ্কের অর্থ দিতে হলে নরিলস্ক নিকেলের শেয়ার বিক্রি করতে হবে। এটি রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এমন বিক্রির বিষয়ে যুক্তরাজ্য ও রাশিয়া—দুই দেশের সরকারই আগ্রহ দেখাতে পারে এবং তাদের অবস্থান পরস্পরবিরোধী হওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি মাসে সমঝোতার জন্য পুতানিনের দেওয়া ২ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। তাঁর আইনজীবীদের দাবি, বিচ্ছেদের পর নরিলস্ক নিকেলের শেয়ারের যে মূল্য বেড়েছে, তার বড় অংশ পুতানিনের নিজস্ব উদ্যোগ ও পরবর্তী ব্যবসায়িক কর্মকাণ্ডের ফল। তাই সাবেক স্ত্রী সেই সম্পদের সমান ভাগ পাওয়ার অধিকারী নন।
ফোর্বসের হিসাবে পুতানিনের সম্পদের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার। তবে আদালতে দেওয়া আর্থিক বিবরণীতে তাঁর নিট সম্পদের পরিমাণ প্রায় ৫ দশমিক ২ বিলিয়ন পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে। নাতালিয়ার আইনজীবীরা এই হিসাবের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
১৯৮৩ সালে বিয়ে করেছিলেন পুতানিন ও নাতালিয়া। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০১৪ সালে রাশিয়ায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে ঠিক কবে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটেছিল, তা নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। পুতানিনের দাবি, ২০০৭ সালের জানুয়ারিতেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল। নাতালিয়ার বক্তব্য, সম্পর্ক টিকে ছিল ২০১৩ সাল পর্যন্ত।
এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের হাইকোর্ট নাতালিয়ার আর্থিক দাবি গ্রহণের আবেদন খারিজ করেছিল। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে আপিল আদালত তাঁকে যুক্তরাজ্যে মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। সেই সিদ্ধান্তের পরই মামলাটি পূর্ণাঙ্গ বিচারের পর্যায়ে পৌঁছায়।
বিচার কার্যক্রম ডিসেম্বরের শুরুতে শেষ হওয়ার কথা। পুতানিন রাশিয়া থেকে ভিডিও সংযোগের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেবেন বলে জানানো হয়েছে। এই মামলার রায় শুধু সাবেক দম্পতির সম্পদ ভাগাভাগির বিষয়েই নয়, বিদেশে বিবাহবিচ্ছেদের পর যুক্তরাজ্যের আদালতে নতুন করে আর্থিক দাবি তোলার সুযোগ নিয়েও গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন