৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টির পোমোনায় একটি বিড়াল উদ্ধারকেন্দ্রে প্রাণী নির্যাতনের অভিযোগে তদন্ত চালিয়ে ৫০০টির বেশি জীবিত ও মৃত বিড়াল উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার ফারগেট মি নট ক্যাট রেসকিউ নামের ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালানোর সময় আরও নয়টি জীবিত কুকুরও পাওয়া যায়।
ইনল্যান্ড ভ্যালি হিউম্যান সোসাইটি অ্যান্ড এসপিসিএ এবং আপল্যান্ড অ্যানিমেল কন্ট্রোল যৌথভাবে উদ্ধারকেন্দ্রটির বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালায়। কর্তৃপক্ষ জানায়, প্রাণীগুলোকে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করা হয়।
তল্লাশির সময় গ্যারেজের একটি ফ্রিজারের ভেতর বেশ কয়েকটি মৃত বিড়াল পাওয়া যায়। এছাড়া বাড়ির পেছনের উঠানে মাটির নিচে আরও মৃত বিড়ালের দেহ ও হাড়ের সন্ধান মেলে। উদ্ধার অভিযানের ছবিতে কর্মকর্তাদের মাটি খুঁড়ে বিড়ালের হাড় ও খুলির অংশ বের করতে দেখা গেছে।
তদন্তকারীরা ঘটনাস্থল থেকে মানব ব্যবহারের মেয়াদোত্তীর্ণ ওষুধ, ব্যবহৃত সিরিঞ্জ, পোষা প্রাণী বহনের খাঁচা, বিড়ালের খাবারসহ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পুরো উদ্ধার ও তদন্ত প্রক্রিয়াটি বিপুল সংখ্যক প্রাণী জড়িত থাকায় সময়সাপেক্ষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইনল্যান্ড ভ্যালি হিউম্যান সোসাইটি অ্যান্ড এসপিসিএর প্রেসিডেন্ট নিকোল ব্রেসিয়ানির জানিয়েছেন, ক্লেরমন্ট ও আপল্যান্ড পুলিশ বিভাগও এই অভিযানে সহযোগিতা করেছে। তিনি বলেন, এটি অত্যন্ত কঠিন ও জটিল একটি ঘটনা এবং বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবিত প্রাণীগুলোর নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা।
উদ্ধার করা জীবিত বিড়াল ও কুকুরগুলোকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মৃত প্রাণীগুলোর উদ্ধার ও জীবিত প্রাণীদের চিকিৎসা ও মূল্যায়নেও উল্লেখযোগ্য সময় ও সম্পদ প্রয়োজন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
ঘটনাটি নিয়ে তদন্ত এখনো চলছে। উদ্ধার করা প্রাণীগুলোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে ইনল্যান্ড ভ্যালি হিউম্যান সোসাইটি অ্যান্ড এসপিসিএর ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন