আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন
ভোররাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা
কমার্স শহরের সিভিক সেন্টার। ছবি: এরিক থেয়ার / লস এঞ্জেলেস টাইমস
লস এঞ্জেলেসে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে কমার্স শহরের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টির বিস্তীর্ণ এলাকায় মৃদু থেকে মাঝারি কম্পন ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল কমার্স শহরের কাছাকাছি, লস এঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ৭ থেকে ৮ মাইল দূরে। ভোরের দিকে হঠাৎ কম্পনে অনেক বাসিন্দার ঘুম ভেঙে যায়। কোরিয়াটাউন, ইনগলউড, সিলভার লেক, মার ভিস্তা ও আর্কাডিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ কম্পন অনুভব করার কথা জানান।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪.২ রেকর্ড করা হয়। পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) মাত্রা সাময়িকভাবে ৪.৪-এ উন্নীত করে আবার ৪.২-এ নামিয়ে আনে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ মাইল।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ভূমিকম্পের পরপরই সতর্ক অবস্থায় যায়। নগরীর ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীরা সড়ক, আকাশ ও জলপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করেন। সকাল সাড়ে ৫টার দিকে বিভাগ জানায়, উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্রাথমিক ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা শেকঅ্যালার্ট সক্রিয় হয়েছিল। তবে কম্পনের মাত্রা মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানোর নির্ধারিত সীমার নিচে থাকায় ব্যবহারকারীদের ফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। ইউএসজিএসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ফোনে সতর্কবার্তা পাঠানোর জন্য সাধারণত অন্তত ৪.৫ মাত্রার ভূমিকম্প প্রয়োজন।
লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের ৬২০টি স্কুলে স্থাপিত শেকঅ্যালার্ট ব্যবস্থাও কম্পন শনাক্ত করে। এর মধ্যে প্রায় ১০০টি স্কুলে সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়।
ভূমিকম্পটি ঠিক কোন ফল্ট বা ভূগর্ভস্থ চ্যুতির কারণে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনসের মতে, ওই এলাকায় মাটির নিচে একাধিক চাপজনিত চ্যুতি রয়েছে। ছোট মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে নির্দিষ্ট কোন চ্যুতি থেকে কম্পন সৃষ্টি হয়েছে, তা চিহ্নিত করা কঠিন। তবে এটি পুয়েন্তে হিলস ফল্ট ব্যবস্থার অংশ হতে পারে।
পুয়েন্তে হিলস ফল্ট ব্যবস্থা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘনবসতিপূর্ণ এলাকার নিচ দিয়ে বিস্তৃত। এর আওতায় রয়েছে লস এঞ্জেলেসের ডাউনটাউন, দক্ষিণ-পূর্ব লস এঞ্জেলেস কাউন্টি, সান গ্যাব্রিয়েল ভ্যালি এবং উত্তর অরেঞ্জ কাউন্টির বিস্তীর্ণ অংশ। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এই ফল্ট ব্যবস্থাকে ওই অঞ্চলের বড় ভূমিকম্পের ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করছেন।
শুক্রবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও ঘটনাটি আবারও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পঝুঁকি ও প্রস্তুতির বিষয়টি সামনে এনেছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন