আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন
সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই
ছবি: abc7
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটা ভ্যালি শেরিফ স্টেশনের বাইরে এক ব্যক্তিকে আটক করতে গাড়ির জানালা ভেঙেছেন ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযানের সময় গাড়ির চালক ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর ওপর মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহারের অভিযোগও উঠেছে।
ভোট আপ অ্যাডভোকেসি কোয়ালিশনের সদস্য অ্যাশলি ক্যালকিন্সের ধারণ করা ভিডিওতে দেখা যায়, শেরিফ স্টেশনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনের আসনে এক ব্যক্তি বসে আছেন। এ সময় মুখোশ পরা ফেডারেল অভিবাসন কর্মকর্তারা গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
ক্যালকিন্সের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা জানালা ভেঙে দরজা খুলে ওই ব্যক্তিকে গাড়ি থেকে টেনে বের করেন। পরে তাকে মাটিতে নিয়ে তল্লাশি চালানো হয়।
ক্যালকিন্স জানান, ওই ব্যক্তিকে শেরিফ স্টেশন থেকে গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক দম্পতি। এ সময় অচিহ্নিত গাড়িতে আসা মুখোশধারী আইসিই কর্মকর্তারা তাদের পথ আটকে দেন।
ঘটনার ভিডিওতে দেখা যায়, সাদা গাড়িটির চালক গাড়ির অন্য পাশে থাকা স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় তার ওপর মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করা হয়। ভিডিওতে একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আপনারা তার স্ত্রীকে আঘাত করছেন।’
ক্যালকিন্স বলেন, পুরো ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তার চেয়েও বেশি ছিল আটক ব্যক্তিকে রক্ষার চেষ্টা। তার অভিযোগ, ওই ব্যক্তিকে কর্মকর্তারা ধাক্কাধাক্কি করে গাড়ি থেকে বের করেছেন।
অভিযানটিকে বেআইনি দাবি করে ক্যালকিন্স বলেন, কর্মকর্তাদের গাড়িটি তল্লাশি করার বা ওই ব্যক্তিকে আটক করার আইনগত অধিকার ছিল না। তাদের ওপর হামলা চালানোরও কোনো বৈধতা ছিল না বলে অভিযোগ করেন তিনি।
ক্যালকিন্স আরও জানান, তার ওপরও মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করা হয়েছে। ভ্যালি ডিফেনসার সঙ্গে যুক্ত আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীও এতে আক্রান্ত হয়েছেন।
এদিকে সান্তা ক্লারিটা ভ্যালি শেরিফ স্টেশন জানিয়েছে, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। শেরিফ বিভাগের সদস্যরা আইসিইকে সহায়তাও করেননি। শেরিফ স্টেশনের জায়গায় আইসিই কর্মকর্তাদের অবস্থান নেওয়ার অনুমতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট জায়গাটি একটি উন্মুক্ত পার্কিং এলাকা।
তবে ক্যালকিন্স বলেন, আইসিই কর্মকর্তারা অন্যান্য জনসমাগমস্থলেও অভিযান পরিচালনা করেন। তাই জায়গাটি উন্মুক্ত পার্কিং এলাকা কি না, সেটি মূল বিষয় নয়।
এ ধরনের ঘটনায় আরও বেশি মানুষকে স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্যালকিন্স। তিনি বলেন, নিজেদের জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকলেও মানুষের পাশে দাঁড়ানো জরুরি। তার মতে, পর্যবেক্ষকদের তুলনায় আটক অভিবাসীদের ঝুঁকি অনেক বেশি।
আটক ব্যক্তিকে পরে কোথায় নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ঘটনার বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং আইসিইর সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যমটি। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন