দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক
ছবিঃ এলএবাংলাটাইমস
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে (VSU) গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে এবং সন্দেহভাজনরা এখনো পলাতক।
শনিবার স্থানীয় সময় রাত ১টা ২৮ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের বাইরে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ পাঁচজনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনের আঘাত প্রাণঘাতী নয়।
চেস্টারফিল্ড কাউন্টি পুলিশের লেফটেন্যান্ট জেমস আর. ল্যাম বিবিসিকে জানিয়েছেন, আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য একজনের বয়স ১৮ বছরের কম। আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা ল্যাম বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।’ তিনি জানান, তদন্তকারীরা একাধিক বন্দুকধারী জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন। ফলে সন্দেহভাজনরা এখনো বাইরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বর্তমানে ঘটনাস্থলের নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে। আহত পাঁচজনের কাউকেই এই মুহূর্তে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
গুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। তবে ক্যাম্পাসে এখনো বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ এ ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। স্থানীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় পুলিশ তাদের সহায়তা করছে।
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে প্রায় ৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ড থেকে বিশ্ববিদ্যালয়টি প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর (HBCU) একটি। এসব প্রতিষ্ঠান এমন সময়ে গড়ে উঠেছিল, যখন বর্ণবৈষম্যের কারণে আফ্রিকান-আমেরিকানদের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছিল না।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষের ক্লাস সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার থেকেই ফিরতি শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছিল।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন