ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার
যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পরিকল্পিত কনসার্ট সিরিজ বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন শিল্পী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর পর তিনি ঘোষণা দেন, কনসার্টের বদলে আয়োজন করা হবে “সব সমাবেশের সমাপ্তি ঘটাবে এমন এক মহাসমাবেশ”।
দেশটির ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশাল সমাবেশ, নজিরবিহীন আতশবাজির প্রদর্শনী এবং হোয়াইট হাউসের লনে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) লড়াই।
এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে দুটি প্রতিষ্ঠান— ‘আমেরিকা ২৫০’ এবং ‘ফ্রিডম ২৫০’। এর মধ্যে আমেরিকা ২৫০ দশ বছর আগে কংগ্রেস গঠন করেছিল অরাজনৈতিকভাবে উদযাপনের পরিকল্পনা করতে। অন্যদিকে ফ্রিডম ২৫০ ট্রাম্পের উদ্যোগে গঠিত একটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক সংগঠন।
মার্কিন কংগ্রেস এ উদযাপনের জন্য ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়া ফ্রিডম ২৫০-এর পক্ষ থেকেও আরও কয়েক মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে বলে জানা গেছে।
১৬ দিনের বিশাল স্টেট ফেয়ার
২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে ১৬ দিনের একটি বিশাল স্টেট ফেয়ার অনুষ্ঠিত হবে। মার্কিন ক্যাপিটল থেকে ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত বিস্তৃত এই মেলায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও বিভিন্ন অঞ্চল নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাম্প।
মূল আকর্ষণের একটি ছিল ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার কনসার্ট সিরিজ’। তবে হোয়াইট হাউস-সমর্থিত ফ্রিডম ২৫০-এর সঙ্গে সম্পৃক্ততার কারণে কয়েকজন শিল্পী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান।
গায়িকা মার্টিনা ম্যাকব্রাইড, ব্যান্ড দ্য কমোডোরস, র্যাপার ইয়াং এমসি এবং গায়ক ব্রেট মাইকেলসসহ কয়েকজন শিল্পী অংশগ্রহণ বাতিল করেন। কেউ কেউ দাবি করেন, তারা আগে জানতেন না যে অনুষ্ঠানটি ফ্রিডম ২৫০-এর সঙ্গে যুক্ত।
এরপর ট্রাম্প কনসার্ট বাতিল করে বিশাল সমাবেশের ঘোষণা দেন। তিনি বলেন, এখানে কিছু শিল্পী থাকলেও মূল আকর্ষণ হবে বক্তৃতা ও দেশাত্মবোধক সংগীত।
হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই
উদযাপনের আরেকটি বড় আয়োজন হলো হোয়াইট হাউসের দক্ষিণ লনে ইউএফসি লড়াই। এ জন্য ইতোমধ্যে বিশেষ ফাইট কেজ নির্মাণের কাজ চলছে।
১৪ জুন অনুষ্ঠিতব্য এই আয়োজনটি ট্রাম্পের ৮০তম জন্মদিনের সঙ্গেও মিলে যাচ্ছে। প্রায় ৫ হাজার দর্শক সরাসরি খেলা দেখতে পারবেন, আর আশপাশের বড় পর্দায় আরও ৭৫ হাজার থেকে ১ লাখ মানুষ তা উপভোগ করতে পারবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, অনুষ্ঠানের পরিকল্পনা ফ্রিডম ২৫০ করলেও এর ব্যয় বহন করছে ইউএফসি।
রেকর্ড গড়ার লক্ষ্য আতশবাজি প্রদর্শনী
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ওয়াশিংটনে বিশাল আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হবে।
এবারের ৪০ মিনিটের প্রদর্শনীতে ৮ লাখ ৬০ হাজারের বেশি আতশবাজি ব্যবহার করা হবে বলে জানা গেছে। সাধারণত এ ধরনের প্রদর্শনীতে প্রায় ১০ হাজার আতশবাজি ব্যবহার করা হয় এবং সময় লাগে ২০ মিনিটেরও কম।
আয়োজকদের লক্ষ্য ২০১৬ সালে ফিলিপাইনের গড়া বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর রেকর্ড ভাঙা।
দেশজুড়ে নানা আয়োজন
শুধু ওয়াশিংটন নয়, যুক্তরাষ্ট্রজুড়েই চলছে বিশেষ প্রস্তুতি।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষের মতো বিশেষ বল ড্রপ অনুষ্ঠান হবে। তবে এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময় অঞ্চলের মধ্যরাত উদযাপন করতে বলটি আটবার নামানো হবে।
ফিলাডেলফিয়ায় একটি টাইম ক্যাপসুল মাটিতে সংরক্ষণ করা হবে, যা ২২৭৬ সালে খুলে দেখা হবে।
লস এঞ্জেলেসে প্রায় ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার একটি বড় কনসার্ট আয়োজন করবে আমেরিকা ২৫০। এছাড়া মিলওয়াকি-সহ বিভিন্ন শহরে ব্লক পার্টির আয়োজন করা হয়েছে।
লিংকন মেমোরিয়াল পুল সংস্কার নিয়ে বিতর্ক
উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসির বিভিন্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পও হাতে নিয়েছেন ট্রাম্প।
এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প হলো লিংকন মেমোরিয়ালের ঐতিহাসিক রিফ্লেক্টিং পুল সংস্কার। গত মাসে শ্রমিকরা প্রায় ৬২০ মিটার দীর্ঘ পুলটিতে নীল রঙ করা শুরু করেন।
ট্রাম্পের দাবি, এতে দীর্ঘদিনের পানি চুইয়ে পড়ার সমস্যা দূর হবে এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী সুরক্ষা পাওয়া যাবে।
তবে একটি অলাভজনক সংগঠন আদালতে এ কাজের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, ঐতিহাসিক স্থাপনায় পরিবর্তন আনার ক্ষেত্রে প্রযোজ্য আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
তবুও ট্রাম্প জানিয়েছেন, পুলের শেষ প্রতিরক্ষামূলক আবরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই সেখানে আবার পানি প্রবাহ শুরু হবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন