দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা
যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার
ছবিঃ এলএবাংলাটাইমস
মেইন অঙ্গরাজ্যে আসন্ন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী গ্রাহাম প্ল্যাটনার তার নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন। তার বিরুদ্ধে এক নারীর যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর দলীয় নেতাদের ব্যাপক চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।
তবে অনলাইনে প্রকাশিত ১১ মিনিটের এক ভিডিও বার্তায় প্ল্যাটনার দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়। বরং ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনী সহায়তা বন্ধ করার হুমকি দেওয়ায় তিনি প্রচারণা স্থগিত করতে বাধ্য হয়েছেন।
প্ল্যাটনার জানান, রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিপক্ষে নতুন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া স্বচ্ছ ও গণতান্ত্রিক হবে—এমন নিশ্চয়তা পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
মেইনের আইন অনুযায়ী, ব্যালটে নতুন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করতে হলে প্ল্যাটনারকে ১৩ জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।
ডেমোক্র্যাটদের জন্য মেইনের এই সিনেট আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে দলটির এই আসন জেতা প্রায় অপরিহার্য বলে মনে করা হচ্ছে।
জনপ্রিয়তা থেকে পতন
অয়েস্টার চাষি ও সাবেক সেনাসদস্য গ্রাহাম প্ল্যাটনার সাধারণ মানুষের ভাষায় কথা বলা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক ধারার সমালোচনার মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।
সবার জন্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসনের মতো প্রগতিশীল নীতির পক্ষে অবস্থান নেওয়ায় তিনি অনেক ভোটারের সমর্থন পান। উদারপন্থী দুই প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনও তাকে সমর্থন দিয়েছিলেন। তার জনপ্রিয়তার কারণে ডেমোক্র্যাটিক মনোনয়নের প্রতিদ্বন্দ্বী ও মেইনের গভর্নর জ্যানেট মিলসও নিজের প্রচারণা স্থগিত করেছিলেন।
কিন্তু যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশ্যে আসার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। এলিজাবেথ ওয়ারেনসহ শীর্ষ ডেমোক্র্যাট নেতারা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কংগ্রেসের কয়েকজন সমর্থকও তাদের সমর্থন প্রত্যাহার করেন। ডেমোক্র্যাটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটি এবং মেইন ডেমোক্র্যাটিক পার্টিও তার প্রতি সমর্থন তুলে নেয়।
কী অভিযোগ উঠেছে?
৪১ বছর বয়সী জেনি রেসিকো নামের এক নারী অভিযোগ করেছেন, প্রায় দুই বছরের সম্পর্কের পর প্ল্যাটনার একদিন অনুমতি ছাড়াই তার বাড়িতে প্রবেশ করে যৌন নিপীড়ন করেন। তার দাবি, ওই সময় প্ল্যাটনার মদ্যপ অবস্থায় ছিলেন।
রেসিকো বলেন, ঘটনার পর তিনি প্ল্যাটনারকে স্পষ্টভাবে জানান যে সম্পর্কটি সম্মতিসূচক ছিল না এবং এরপর সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
অন্যদিকে প্ল্যাটনার অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা। এমন কাজ আমি কখনো করিনি।"
তার অভিযোগ, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের আগেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। রাজনৈতিক মহল ও করপোরেট গণমাধ্যম তদন্ত শেষ হওয়ার আগেই তাকে দোষী হিসেবে বিচার করেছে।
আগেও বিতর্কে ছিলেন
যৌন নিপীড়নের অভিযোগের আগেও প্ল্যাটনারকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল।
গত বছর তার শরীরে নাৎসি প্রতীকের মতো দেখতে একটি ট্যাটুর ছবি প্রকাশ্যে আসে। পরে তিনি জানান, ২০০৭ সালে ক্রোয়েশিয়ায় সহযোদ্ধাদের সঙ্গে মদ্যপ অবস্থায় ট্যাটুটি করেছিলেন এবং পরে সেটি ঢেকে ফেলেন।
এছাড়া পুরোনো রেডিট পোস্টে তিনি লিখেছিলেন, যৌন নিপীড়নের শিকারদেরও নিজের নিরাপত্তার বিষয়ে কিছু দায়িত্ব নেওয়া উচিত। এ নিয়ে সমালোচনার মুখে তিনি ভোটারদের কাছে ক্ষমা চান।
এরপর সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বিবাহিত থাকা অবস্থায় তিনি অন্য নারীদের সঙ্গে যৌন প্রকৃতির বার্তা আদান-প্রদান করেছিলেন। প্ল্যাটনার এ তথ্যের সত্যতা স্বীকার করেন। পরে তার কয়েকজন সাবেক প্রেমিকাও তার বিরুদ্ধে রাগী ও অস্বাভাবিক আচরণের অভিযোগ আনেন।
কে হতে পারেন নতুন প্রার্থী?
মেইন ডেমোক্র্যাটিক পার্টি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি সম্মেলনের মাধ্যমে নতুন সিনেট প্রার্থী নির্বাচন করা হবে।
ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ নিরভ শাহ, মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোস, মেইন বিয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা ড্যান ক্লেবান এবং সাবেক অঙ্গরাজ্য সিনেটর ট্রয় জ্যাকসন।
অন্যদিকে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা প্যাট্রিক ডেম্পসি, যিনি গ্রে'স অ্যানাটমি সিরিজে অভিনয়ের জন্য পরিচিত, সিনেট নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, জনসেবাকে সম্মান করলেও কংগ্রেসে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
ডেমোক্র্যাটিক পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহাম প্ল্যাটনারের প্রচারণায় অনুপ্রাণিত বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও সমর্থকের শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রার্থীকে নিয়ে তারা নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকে পরাজিত করার চেষ্টা করবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন