ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম
ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক
ছবিঃ এলএবাংলাটাইমস
ফিলাডেলফিয়ায় ভয়ংকর পুতুলের মতো মুখোশ পরে পথচারীদের ধাওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে সিটি হলের আশপাশে অন্তত ছয়জনকে ওই ব্যক্তি ভয় দেখিয়েছেন ও তাড়া করেছেন।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ মঙ্গলবার জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ তার ছবি ও একটি ভিডিও প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের কাছে তথ্য চেয়েছে।
পুলিশের কাছে এক নারী অভিযোগ করেছেন, ওই মুখোশধারী ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ‘মরতে প্রস্তুত কি না’।
১২ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে এক নারী দৌড়ানোর সময় ওই ব্যক্তির মুখোমুখি হন। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখোশ পরা লোকটি তাকে ধাওয়া করছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি হুমকিমূলক কথা বলার সময় একটি হাত পেছনে রেখেছিলেন। এতে ভয় পেয়ে ওই নারী দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে আহত হন। পরে সন্দেহভাজন ব্যক্তি একটি ভূগর্ভস্থ রেলস্টেশনের দিকে পালিয়ে যান।
ফিলাডেলফিয়া পুলিশের ক্যাপ্টেন জেসন স্মিথ জানিয়েছেন, ঘটনাগুলোর সময় ওই ব্যক্তিকে মোবাইল ফোন হাতে দেখা গেছে এবং ফোনের আলো জ্বলছিল। এতে ধারণা করা হচ্ছে, তিনি এসব ঘটনার ভিডিও ধারণ করছিলেন।
তবে ঘটনাগুলো কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড বা চ্যালেঞ্জের অংশ কি না, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা স্মিথ।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, সাধারণ হামলাসহ একাধিক অভিযোগ আনা হতে পারে।
লুয়ান্ডা মারিনহো নামের এক নারী মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জানান, সকালে এক বন্ধুর সঙ্গে দৌড়াতে বেরিয়ে তিনিও ওই মুখোশধারী ব্যক্তির মুখোমুখি হয়েছিলেন।
মারিনহোর ভাষ্য, লোকটি তাদের বারবার বলছিলেন, ‘তোমরা কি আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে? আমি বাজি ধরে বলতে পারি, আমি তোমাদের চেয়ে দ্রুত দৌড়াতে পারি।’
তারা কেউ তার কথার জবাব দেননি। মারিনহো বলেন, ঘটনাটি তাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে।
তিনি জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে তারা এখন দৌড়ানোর পথ পরিবর্তনের কথা ভাবছেন। তার ভাষায়, পুরো ঘটনাটি ছিল ‘এক ধরনের বিকৃত খেলার মতো’।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন