৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের
আইসিইর হেফাজতে থাকা স্ত্রীর মুক্তি চাইছেন জশ অরদোনেজ। ছবি: New York Post
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর হেফাজতে প্রায় ৫০ দিন ধরে রয়েছেন ফিনল্যান্ডের নাগরিক সান্না মারিত অরদোনেজ (৩৩)। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি চার্টার্ড বিমানের ফ্লাইট থেকে নামার পর তাঁকে আটক করা হয়। এরপর তাঁকে লস এঞ্জেলেসের উত্তর-পূর্বে অবস্থিত অ্যাডেলান্তো আইসিই প্রসেসিং সেন্টারে নেওয়া হয়। স্ত্রীর মুক্তির জন্য এবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের হস্তক্ষেপ চেয়েছেন তাঁর স্বামী মার্কিন ইউটিউবার জশ অরদোনেজ।
জশের দাবি, গত ১১ অক্টোবর ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে জেএসএক্সের একটি চার্টার্ড ফ্লাইট থেকে নামার সময় তাঁর স্ত্রীকে আটক করেন পাঁচজন মুখোশধারী কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে তিনি ঘটনার বিবরণ দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিমান থেকে নামার পর রানওয়েতেই কর্মকর্তারা সান্নাকে ঘিরে ফেলেন এবং তাঁকে নিজেদের হেফাজতে নেন।
তবে আটকের কারণ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য এবং স্বামীর দাবির মধ্যে পার্থক্য রয়েছে। ফিনল্যান্ডের সংবাদমাধ্যম ইলতা-সানোমাতের প্রতিবেদনে বলা হয়েছে, সান্নার ভ্রমণের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে, জশ দাবি করেছেন, তাঁর স্ত্রী বৈধভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই। স্বামীর সঙ্গে বিবাহের ভিত্তিতে গ্রিন কার্ড ও স্থায়ী বসবাসের অনুমতির আবেদনও প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় তাঁকে আটক করে দীর্ঘদিন হেফাজতে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আটকের পর সান্নাকে অ্যাডেলান্তো আইসিই প্রসেসিং সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই মাস ধরে তিনি রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে জশ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন। তিনি চান, ফিনল্যান্ড সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর স্ত্রীর মুক্তির বিষয়ে সহযোগিতা করুক।
ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দেশটির একজন নাগরিকের আটক থাকার বিষয়টি তারা জানে। তবে কনস্যুলার কার্যক্রমের গোপনীয়তার নিয়মের কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বিদেশে কোনো ফিনিশ নাগরিক আটক হলে দেশটির কূটনৈতিক মিশন প্রয়োজন অনুযায়ী সহায়তা করে। আটক ব্যক্তির অনুরোধে আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজন হলে দোভাষীর সুবিধা নিশ্চিত করতে কাজ করে তারা। পাশাপাশি আটক ব্যক্তির মনোনীত স্বজনদের বিষয়টি জানানো এবং পরিস্থিতি অনুযায়ী আইনি কার্যক্রম পর্যবেক্ষণেও সহায়তা করতে পারে ফিনল্যান্ডের প্রতিনিধিরা।
এদিকে, স্ত্রীর আটকের বৈধতা চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের আদালতে হেবিয়াস করপাস আবেদন করা হয়েছে। ১৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে সান্না মারিত অরদোনেজের নামে আবেদনটি জমা পড়ে। আদালতের নথি অনুযায়ী, আবেদনকারী হিসেবে তাঁর নিজের নাম রয়েছে। মামলাটি অভিবাসন হেফাজতের বৈধতা নিয়ে করা হয়েছে এবং ২৪ নভেম্বর পর্যন্ত এতে কার্যক্রম চলমান ছিল। তবে আদালত এখন পর্যন্ত কী সিদ্ধান্ত দিয়েছেন, সে বিষয়ে প্রকাশিত নথিতে চূড়ান্ত কোনো আদেশের তথ্য পাওয়া যায়নি।
হেবিয়াস করপাস যুক্তরাষ্ট্রের আইনে এমন একটি বিচারিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি তাঁর আটক বা বন্দিত্বের আইনগত ভিত্তি আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। আদালত আটক রাখার বৈধতা পর্যালোচনা করেন। আটক রাখার আইনগত ভিত্তি না থাকলে মুক্তির নির্দেশ দেওয়ার সুযোগও রয়েছে।
তবে এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ফিনল্যান্ডের সংবাদমাধ্যম হেলসিঙ্কি টাইমস জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে একজন ফিনিশ নাগরিকের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে জশের প্রকাশ করা ভিডিওতে যে নারীর কথা বলা হয়েছে, তিনিই মন্ত্রণালয়ের নিশ্চিত করা আটক ব্যক্তি কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
ফলে সান্নার আটকের বিষয়ে স্বামীর বক্তব্য, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের দেওয়া কারণ এবং ফিনল্যান্ড সরকারের কূটনৈতিক অবস্থান—সবকিছু নিয়েই নজর রয়েছে। আদালতে দায়ের করা আবেদনের নিষ্পত্তি এবং ফিনল্যান্ড সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে এই ঘটনার পরবর্তী অগ্রগতি।
নিউজ ডেক্স
শেয়ার করুন