বাংলাদেশে কারফিউ বা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কারখানার কাজে হিউম্যানয়েড রোবট আনতে বড় পদক্ষেপ স্যামসাংয়ের
স্যামসাংয়ের লোগো ও কম্পিউটারের মাদারবোর্ডের প্রতীকী ছবি। ক্রেডিট: REUTERS / Dado Ruvic / Illustration / File Photo
নিজস্ব প্রথম হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট জনসমক্ষে আনার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটির প্রোটোটাইপ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক ব্যক্তি।
ওই ব্যক্তির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে স্যামসাংয়ের পরিচালনা পর্ষদের সামনে রোবটটির প্রাথমিক সংস্করণ উপস্থাপন করা হয়েছে। মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরির লক্ষ্যে রোবট প্রযুক্তিতে গুরুত্ব বাড়াচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে হিউম্যানয়েড রোবটের ক্রমবর্ধমান বাজারে প্রবেশ করতে যাচ্ছে স্যামসাং। এ খাতে চীনের ইউনিট্রি, টেসলা এবং হুন্দাই মোটরের সহযোগী প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে।
গত জুলাইয়ে স্যামসাং ‘রোবোটিকস এক্সপেরিয়েন্স’ (আরএক্স) নামে একটি বিশেষ ইউনিট গঠন করে। প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা টিএম রোর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বিভাগ রোবট নিয়ে গবেষণা ও উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল এবং বাণিজ্যিক কার্যক্রম দেখভাল করছে।
বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবোটিকস গবেষণাকেন্দ্রে রোবটটির কার্যক্ষমতা প্রদর্শন করা হয়। এতে উপস্থিত ছিলেন টিএম রো। প্রদর্শনীতে রোবটটির পুরো শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ এবং হাত দিয়ে বিভিন্ন বস্তু তোলা ও নাড়াচাড়া করার সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয় বলে জানান ওই ব্যক্তি।
প্রোটোটাইপটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্যামসাং। এ কারণে পরিচয় প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে হাতের সূক্ষ্ম নড়াচড়া ও বস্তু ধরার সক্ষমতা বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কারখানায় কাজ করার জন্য রোবটকে নির্ভরযোগ্যভাবে কোনো বস্তু ধরতে, ঘোরাতে এবং প্রয়োজন অনুযায়ী অবস্থান পরিবর্তন করতে হয়। স্যামসাংয়ের বর্তমান গবেষণায় এই সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত সেপ্টেম্বরে স্যামসাংয়ের আরএক্স বিভাগের রোবোটিকস ল্যাবের প্রধান ক্রিস হাউজার এ বিষয়ে বলেন, কোনো কারখানার মালিককে যদি বলা হয় যে একটি রোবট ৯৯ শতাংশ ক্ষেত্রে সফলভাবে কাজ করতে পারে, তাতেও তাঁরা সন্তুষ্ট হবেন না। উৎপাদন লাইনে ব্যবহারের জন্য সাফল্যের হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, এটি অত্যন্ত কঠিন একটি ক্ষেত্র।
স্যামসাংয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শুধু শিল্পকারখানার রোবট নয়, ঘরের কাজ করতে এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা দিতে সক্ষম ভোক্তাপর্যায়ের রোবট তৈরির লক্ষ্যও রয়েছে বলে জানান হাউজার।
চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটি জানায়, ২০৩০ সালের মধ্যে তাদের কারখানাগুলোকে এআই-চালিত উৎপাদনকেন্দ্রে রূপান্তর করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়ায় হিউম্যানয়েড রোবট যুক্ত করার পরিকল্পনাও প্রকাশ করে তারা।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমিতে হিউম্যানয়েড রোবট তৈরির জন্য একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। শহরটিতে প্রতিষ্ঠানটির স্মার্টফোন কারখানাও রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও রোবট নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
রোবট প্রযুক্তির উন্নয়ন ও বাণিজ্যিক ব্যবহার দ্রুত এগিয়ে নিতে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ ও অন্য প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়টিও বিবেচনা করবে বলে জানিয়েছে স্যামসাং। এর আগে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার রোবট নির্মাতা প্রতিষ্ঠান রেইনবো রোবোটিকসের (Rainbow Robotics) সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয় স্যামসাং।
নিউজ ডেক্স
শেয়ার করুন