ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী
মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা
ছবি: রয়টার্স / দাদো রুভিক / ইলাস্ট্রেশন / ফাইল ছবি
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলের অ্যাকাউন্টে বিধিনিষেধ নিয়ে বিতর্কের মধ্যে দেশটির বিরোধী দল কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন মেটার শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হয়। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাতে এ তথ্য জানা গেছে।
বৈঠকে মেটার পক্ষে উপস্থিত ছিলেন ভারতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা আমান জেইন ও নাতাশা জগ। কংগ্রেসের নেতাদের সঙ্গে তাঁদের আলোচনা হয় রুদ্ধদ্বার পরিবেশে। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও পোস্টে বিধিনিষেধ বাড়ার অভিযোগ এবং মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভের জেরে দুই পক্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় মেটার কর্মকর্তারা প্রতিষ্ঠানটির কার্যালয় লক্ষ্য করে বিক্ষোভ এবং কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে নিয়ে তৈরি পোস্টার ও প্রচারণার বিষয়ে উদ্বেগ জানান। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে দলটির নেতাদের অ্যাকাউন্ট ও পোস্টে বিধিনিষেধ আরোপের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর প্রতি মেটার পক্ষপাতের অভিযোগও জানানো হয়।
মেটা অবশ্য রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। বৈঠকে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভারতে কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্থানীয় আইন মেনে চলতে হয় তাদের। আলোচনায় দলটির প্রতি নিরপেক্ষ থাকার কথাও তুলে ধরেন তাঁরা। তবে বৈঠকে কংগ্রেসের দাবির বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি মেটা।
কংগ্রেসের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলেও সেগুলো সরানো হয়নি। অথচ একই ধরনের কনটেন্ট কংগ্রেসের নেতাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া বা সীমিত করা হয়েছে। দলটির মতে, এ ধরনের পদক্ষেপ মেটার কনটেন্ট নিয়ন্ত্রণ নীতিকে প্রশ্নবিদ্ধ করছে এবং নীতির প্রয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে।
বৈঠকটি মেটার সঙ্গে কংগ্রেসের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ। গত ২০ নভেম্বর থেকে দলটির যুব সংগঠন ভারতীয় যুব কংগ্রেস মেটার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সংগঠনটির দাবি, সরকারি নির্দেশে যেসব অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে, সেগুলো পুনরায় চালু করতে হবে। পাশাপাশি কোন নীতির ভিত্তিতে এবং কীভাবে অ্যালগরিদমের মাধ্যমে পোস্টে বিধিনিষেধ আরোপ করা হয়, তা ব্যাখ্যা করতে হবে।
বিক্ষোভকারীরা হায়দরাবাদ, মুম্বাই ও গুরুগ্রামে মেটার কার্যালয়ের কাছে অবস্থান নেন। কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। কংগ্রেসের যুব সংগঠন জানিয়েছে, অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং কনটেন্ট নিয়ন্ত্রণের নিয়ম ব্যাখ্যা না করা হলে তাদের আন্দোলন চলবে।
ভারতে মেটার জন্য এই বিতর্ক গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দেশটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বাজার। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইন অনুসারে ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে মেটা। ২০২৫ সালের পুরো সময়ে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।
মেটার বক্তব্য, ভারতের সংশোধিত তথ্যপ্রযুক্তি বিধিমালার কারণে অবৈধ বলে বিবেচিত কনটেন্ট দ্রুত সরানো এবং আরও সক্রিয়ভাবে নজরদারি করতে হচ্ছে। তবে সরকারের অনলাইন কনটেন্ট সরানোর নির্দেশ বাড়তে থাকায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ভারতের বিভিন্ন শহরে মার্ক জাকারবার্গকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার ও ব্যানার দেখা গেছে। এসব পোস্টারে তাঁকে সাদা শার্ট, খাকি হাফপ্যান্ট ও কালো টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে, যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে মিল রয়েছে। দিল্লি, কলকাতা, পাটনা, মুম্বাই ও বেঙ্গালুরুতে এমন প্রচারণা দেখা গেছে।
আরএসএস একটি হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিজেপির আদর্শিক ভিত্তির সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ পরিস্থিতিতে মেটার কনটেন্ট নিয়ন্ত্রণ নীতি এবং রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।
বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এটাই কংগ্রেসের মডেল: বেসরকারি কোম্পানির কার্যালয় ভাঙচুর করা।”
কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেটা জানিয়েছে, ভারতে কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা দেশের আইন অনুসরণ করে।
নিউজ ডেক্স
শেয়ার করুন