রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা
হান্টিংটন বিচে সমুদ্রের পানিতে প্লাবিত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান / ছবি: রবার্ট গথিয়ে, লস এঞ্জেলেস টাইমস
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় চলতি সপ্তাহে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। থ্যাংকসগিভিং সপ্তাহে অস্বাভাবিক উচ্চ জোয়ার, উষ্ণ সমুদ্রের পানি এবং শক্তিশালী ঝড়ের সম্মিলিত প্রভাবে সান ফ্রান্সিসকো বে থেকে সান ডিয়েগো পর্যন্ত বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় সমুদ্রের পানি রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। এতে নিচু এলাকার বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ পরিস্থিতির পেছনে রয়েছে এল নিনো, সমুদ্রের অস্বাভাবিক উষ্ণতা এবং দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কিং টাইড বা অস্বাভাবিক উচ্চ জোয়ারের একটি পর্যায়। চাঁদ ও সূর্যের অবস্থানের কারণে নিয়মিত যে উচ্চ জোয়ার সৃষ্টি হয়, এবার তার মাত্রা আরও বেশি হতে পারে।
ক্যালিফোর্নিয়া উপকূলের সমুদ্রের পানির তাপমাত্রা বছরের এই সময়ের স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ১০ ডিগ্রি ফারেনহাইট বেশি। উষ্ণ পানির কারণে সমুদ্রের পানির আয়তন বেড়ে যাওয়ায় উপকূলীয় পানির উচ্চতাও বাড়ছে। এর সঙ্গে এল নিনোর প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
উত্তর ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার থেকে নতুন একটি ঝড়ের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস সমুদ্রের পানির উচ্চতা আরও বাড়িয়ে দিতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় ঢেউয়ের উচ্চতা ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত হতে পারে। অন্যদিকে লস এঞ্জেলেস কাউন্টির উপকূলে ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ১১ ফুটে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়ও পরিস্থিতি উদ্বেগজনক। লস এঞ্জেলেস, ভেনচুরা, সান্তা বারবারা ও সান লুইস অবিসপো কাউন্টিতে সোমবার থেকে শুক্রবারের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৮ দশমিক ১ থেকে ৮ দশমিক ৬ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। অরেঞ্জ ও সান ডিয়েগো কাউন্টিতেও তা ৮ ফুট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মাত্রা অতিক্রম করলে তা ঐতিহাসিক রেকর্ডের পর্যায়ে পৌঁছাতে পারে।
এর আগে গত ২৭ অক্টোবর সান ডিয়েগো বে, সান পেদ্রো, সান্তা বারবারা ও লা জোলায় সমুদ্রের পানির উচ্চতা আগের রেকর্ড ছাড়িয়ে যায়। সেদিন হান্টিংটন বিচ, নিউপোর্ট বিচ, রেডন্ডো বিচ, লং বিচ ও সান ডিয়েগোর বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। শুধু হান্টিংটন বিচেই ১১৪টি বাড়ি ও অন্যান্য স্থাপনা বন্যার ক্ষতির কথা জানিয়েছিল।
এদিকে জাতীয় আবহাওয়া দপ্তর উপকূলীয় বন্যা ও বিপজ্জনক ঢেউ নিয়ে সতর্কতা জারি করেছে। সান ডিয়েগো ও অরেঞ্জ কাউন্টির উপকূলীয় এলাকায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বন্যার সতর্কতা কার্যকর থাকার কথা জানানো হয়েছে। সান ফ্রান্সিসকো ও আশপাশের নিচু এলাকায়ও সমুদ্রের পানি স্থলভাগের প্রায় ২ দশমিক ৭ ফুট পর্যন্ত উঠে আসতে পারে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের উপকূলীয় এলাকা, পিয়ার ও সমুদ্রের কাছাকাছি বিপজ্জনক স্থানে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বন্যার পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে গাড়ি চালানো কিংবা সতর্কতামূলক ব্যারিকেড অতিক্রম না করতেও বলা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রের উচ্চ জোয়ারের সময় ভারী বৃষ্টি ও শক্তিশালী ঢেউ একসঙ্গে আঘাত হানলে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যেতে পারে। তবে ঝড়ের গতিপথ ও বাতাসের পরিবর্তনের ওপর পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা নির্ভর করবে।
সূত্র: লস এঞ্জেলেস টাইমস, জাতীয় আবহাওয়া দপ্তর।
নিউজ ডেক্স
শেয়ার করুন