গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০
বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ / ছবি: আলতাফ হুসেইন, রয়টার্স (২৩ নভেম্বর ২০২৬)
নেপালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১ দশমিক ৬২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন।
ভারতের এই প্যাকেজের মধ্যে রয়েছে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও নতুন অবকাঠামো নির্মাণে ৩৭ কোটি ৭০ লাখ ডলারের অনুদান এবং জ্বালানি প্রকল্পের জন্য ১.২৪ বিলিয়ন ডলারের ঋণসুবিধা। কোন কোন প্রকল্পে অর্থ ব্যয় হবে এবং সহায়তা দেওয়ার শর্ত কী হবে, তা দুই দেশের আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
মোদি বলেন, নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আনতে এই সহযোগিতা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, নতুন কর্মসংস্থান ও সুযোগ তৈরি এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়ানোই এর লক্ষ্য।
গত আগস্টে হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় নেপাল। এতে প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। আরও ৫ হাজার ২০০ জন নিখোঁজ রয়েছেন, যাঁদের মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় দেশটির সড়ক, সেতু, স্কুল, ঘরবাড়ি ও জীবিকার নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
বন্যার প্রভাব পড়ে নেপালের জলবিদ্যুৎ খাতেও। এক ডজনের বেশি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১০ শতাংশ কমে যায়। এতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে হয় নেপালকে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতেও ভারতের ওপর নির্ভরতা বাড়ে।
নেপালের প্রধানমন্ত্রী শাহের জন্য এটি মার্চে ক্ষমতা গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। দুই দিনের সফরে তিনি ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের শিক্ষা, গবেষণা, স্যাটেলাইট যোগাযোগ ও টেকসই নগর উন্নয়ন নিয়ে কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়।
এ ছাড়া দুই দেশের মধ্যে আন্তসীমান্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগের উদ্বোধন করেন মোদি ও শাহ। ভারতের সঙ্গে নেপালের দীর্ঘদিনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। নেপালের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ভারত। একই সঙ্গে দেশটি নেপালের অন্যতম প্রধান সহায়তাদাতা।
তবে নেপালে প্রভাব বিস্তার নিয়ে ভারতের সঙ্গে চীনের প্রতিযোগিতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নেপালের অবকাঠামো, সড়ক ও জলবিদ্যুৎ খাতে চীনের বিনিয়োগ বেড়েছে। বন্যার পর ভারতের বড় অঙ্কের এই সহায়তা দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন