বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট
ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার
লং বিচে স্বল্প আয়ের পরিবারের আবাসন প্রকল্প / ছবি: পাবলো উনজুয়েতা, ক্যালম্যাটার্স
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন আবাসন নীতির কারণে ক্যালিফোর্নিয়ায় হাজারো পরিবারের সরকারি আবাসন সুবিধা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত সরকারি আবাসন ও ভাড়া সহায়তা কর্মসূচির সুবিধা পেতে পরিবারের প্রত্যেক সদস্যকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অথবা নির্দিষ্ট যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে।
যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) গত ১২ নভেম্বর নতুন নিয়মটি চূড়ান্ত করেছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে যেসব পরিবারে মার্কিন নাগরিক বা বৈধ অভিবাসন অবস্থার সদস্যদের পাশাপাশি অনথিভুক্ত অভিবাসী রয়েছেন, তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ক্যালিফোর্নিয়ায় প্রায় ৭ হাজার ১৯০টি পরিবার বর্তমানে ফেডারেল আবাসন সহায়তা পাচ্ছে, যাদের সদস্যদের অভিবাসন অবস্থায় ভিন্নতা রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্য কোনো অঙ্গরাজ্যে এ ধরনের পরিবারের সংখ্যা এত বেশি নয়। টেক্সাসে এমন পরিবারের সংখ্যা প্রায় ৪ হাজার ৫০০।
আগে এসব পরিবারকে আনুপাতিক হারে আবাসন সহায়তা দেওয়া হতো। অর্থাৎ পরিবারের যেসব সদস্য সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, শুধু তাদের হিসাব অনুযায়ী ভর্তুকি দেওয়া হতো। ফলে একই বাড়িতে নাগরিক ও অনথিভুক্ত অভিবাসীরা একসঙ্গে বসবাস করতে পারতেন।
নতুন নিয়মে সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। পরিবারের প্রত্যেক সদস্যকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। তা না হলে পরিবারটির আবাসন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। ফলে মার্কিন নাগরিক সন্তানদেরও মা-বাবার অভিবাসন অবস্থার কারণে বাড়ি ছাড়ার ঝুঁকিতে পড়তে হবে।
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে এ পরিবর্তনের প্রভাব বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে। শহরের আবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১ হাজার ৭০৯টি মিশ্র অভিবাসন অবস্থার পরিবার সরকারি আবাসন সহায়তা পাচ্ছে। এসব পরিবারের প্রায় ৭ হাজার ৭০০ সদস্য নতুন নিয়মের প্রভাবে পড়তে পারেন।
এদিকে, নতুন নিয়ম ঠেকাতে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। লস এঞ্জেলেসভিত্তিক অলাভজনক আইন সহায়তা প্রতিষ্ঠান পাবলিক কাউন্সেল এবং ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো গত ১৬ নভেম্বর ফেডারেল আদালতে মামলা করেছে। মামলায় ১৪ ডিসেম্বরের কার্যকর হওয়ার তারিখ স্থগিত এবং নিয়মটি বাস্তবায়ন বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে।
মামলাকারীদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া এইচইউডি দীর্ঘদিনের আবাসন নীতিতে এমন পরিবর্তন আনতে পারে না। তাদের মতে, নতুন নিয়মের কারণে হাজারো মার্কিন নাগরিক শিশুও মা-বাবার সঙ্গে থাকা অথবা সরকারি আবাসন সুবিধা পাওয়ার মধ্যে একটি বেছে নিতে বাধ্য হতে পারে।
আবাসন নীতির এই পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজও। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৭৯ হাজার ৬০০ মানুষ মিশ্র অভিবাসন অবস্থার পরিবারে সরকারি আবাসন সহায়তা পাচ্ছেন। তাদের মধ্যে প্রায় ৩৭ হাজার শিশু রয়েছে। এসব শিশুর অধিকাংশই মার্কিন নাগরিক।
লস এঞ্জেলেসের পাশাপাশি সান্তা ক্লারা ও সান্তা বারবারা কাউন্টিতেও নতুন নিয়মের প্রভাব নিয়ে প্রস্তুতি চলছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষে বিকল্প অর্থায়নের মাধ্যমে সব পরিবারকে সহায়তা করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এইচইউডির নিয়ম অনুযায়ী, মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলোকে কার্যকর হওয়ার পর ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে আবাসন কর্তৃপক্ষ সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ দিতে পারবে। ফলে নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে বাড়ি ছাড়তে হবে, এমন নয়। তবে দীর্ঘমেয়াদে হাজারো পরিবারের আবাসন নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়তে পারে।
সরকারের যুক্তি, ফেডারেল অর্থায়নে পরিচালিত আবাসন সুবিধা কেবল যোগ্য নাগরিক ও নির্দিষ্ট অভিবাসন অবস্থার ব্যক্তিদের জন্য নিশ্চিত করা উচিত। অন্যদিকে, সমালোচকদের আশঙ্কা, এই নীতি বাস্তবায়িত হলে পরিবার বিচ্ছিন্নতা, আবাসন সংকট এবং গৃ হ হী ন মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন