ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা
যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই
ছবি: KTL5
যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ইন্টারনেটের সঙ্গে যুক্ত দুর্বল অবকাঠামোকে লক্ষ্য করে হ্যাকারদের তৎপরতা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারে মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিষেবা।
এফবিআই গত জুলাইয়ে সতর্ক করেছিল, হ্যাকাররা পানি ও বর্জ্যপানি ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারনেট-সংযুক্ত প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা পিএলসি যন্ত্রকে লক্ষ্যবস্তু করছে। এসব যন্ত্রের মাধ্যমে পানির পাম্প, চাপ এবং বিভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থা পরিচালনা ও পর্যবেক্ষণ করা হয়। হ্যাকাররা এসব যন্ত্রে প্রবেশ করে আইপি ঠিকানা ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশাধিকার হারাতে পারেন।
এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অনুপ্রবেশ ইতিমধ্যে পানি সরবরাহ কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে। জুলাইয়ের শেষ দিকে অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি ও পয়োনিষ্কাশন পরিষেবা প্রতিষ্ঠান সাইবার হামলার ঘটনা সংস্থাটিকে জানিয়েছিল। কিছু ঘটনায় পানির চাপ কমে যাওয়া এবং বিভিন্ন স্থানে পানি উপচে পড়ার মতো সমস্যাও দেখা যায়।
মিনেসোটায় ৩০টির বেশি স্থানীয় পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। ২৬ ও ২৭ জুলাই এসব হামলা চালানো হয় বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছিল। কিছু এলাকায় পানি সরবরাহের নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও সব ক্ষেত্রে পানির গুণগত মান আক্রান্ত হয়নি। হামলাগুলোর পেছনে কারা ছিল, তা নিয়ে তদন্ত চলছে। কিছু মার্কিন কর্মকর্তার ধারণা, ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে। তবে এফবিআই আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষকে দায়ী করেনি।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএও সেপ্টেম্বরে সতর্ক করেছে, জনসাধারণের পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলা বাড়ছে। এসব হামলার মধ্যে র্যানসমওয়্যার থেকে শুরু করে জটিল অনুপ্রবেশের ঘটনাও রয়েছে। এতে পানি সরবরাহের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পরিষেবার নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ছোট শহর ও স্থানীয় পর্যায়ের অনেক পানি সরবরাহব্যবস্থায় পুরোনো প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি সাইবার নিরাপত্তায় প্রয়োজনীয় অর্থ, দক্ষ জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি রয়েছে। ফলে নতুন ধরনের সাইবার হুমকির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা কঠিন হয়ে পড়ছে।
স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাইবার হামলার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এর সাহায্যে হ্যাকাররা দ্রুত প্রযুক্তিগত দুর্বলতা শনাক্ত করতে এবং বড় পরিসরে হামলা চালাতে সক্ষম হচ্ছে।
এ পরিস্থিতিতে পানি সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে অপ্রয়োজনীয় ইন্টারনেট-সংযুক্ত যন্ত্র বিচ্ছিন্ন করা, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। এফবিআই ও ইপিএ শিল্পকারখানার নিয়ন্ত্রণব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট দ্রুত যুক্ত করার ওপরও গুরুত্ব দিয়েছে।
সাধারণ মানুষকেও সম্ভাব্য পরিষেবা বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য নিরাপদভাবে পানির মজুত রাখা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে। তাঁদের মতে, পানি সরবরাহব্যবস্থার সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি জননিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ।
তথ্যসূত্র: এফবিআই, এওএল/নিউজ নেশন।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন