মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস
মা দ ক ও অপরাধ ঠেকাতে ম্যাকআর্থার পার্ক ঘিরে ৮ ফুট উঁচু বেড়া দিচ্ছে লস এঞ্জেলেস
ম্যাকআর্থার পার্কে অস্থায়ী বেড়া বসানো হচ্ছে। (ছবি: অ্যালেন জে. শ্যাবেন/লস এঞ্জেলেস টাইমস)
লস এঞ্জেলেসে দীর্ঘদিনের মা দ ক, অপরাধ ও গৃহহীনতার সমস্যা নিয়ন্ত্রণে ম্যাকআর্থার পার্ক ঘিরে বেড়া নির্মাণ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। প্রায় ২৩ লাখ ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে আট ফুট উঁচু সবুজ ধাতব বেড়া। এর মাধ্যমে রাতে পার্ক বন্ধ রাখা এবং ভেতরের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে চায় শহর কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেসের ওয়েস্টলেক এলাকায় অবস্থিত ম্যাকআর্থার পার্ক একসময় শহরের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ছিল। সবুজ গাছপালা, লেক ও খোলা জায়গার জন্য পার্কটি স্থানীয় বাসিন্দাদের কাছে বিশেষ আকর্ষণীয় ছিল। কিন্তু কয়েক দশক ধরে সেখানে গ্যাং সহিংসতা, মা দ ক বেচাকেনা, প্রকাশ্যে মা দ ক সেবন, গৃহহীন মানুষের অবস্থান এবং নানা ধরনের অপরাধের সমস্যা বেড়েছে।
এসব সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে প্রশাসন নানা উদ্যোগ নিলেও দীর্ঘস্থায়ী উন্নতি হয়নি। সর্বশেষ উদ্যোগ হিসেবে পার্কটির চারপাশে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে পার্কের চারপাশে অস্থায়ী চেইন-লিংক বেড়া বসানো শুরু হয়। এর পরিবর্তে পর্যায়ক্রমে আট ফুট উঁচু সবুজ ধাতব বেড়া স্থাপন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, নির্মাণকাজ ২০২৭ সালের শরৎকাল পর্যন্ত চলতে পারে।
নতুন ব্যবস্থায় প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পার্ক বন্ধ থাকবে। বন্ধের আগে পুলিশ সদস্যরা পুরো পার্ক ঘুরে দেখবেন, যাতে ভেতরে কেউ অবস্থান না করেন। এরপর প্রবেশপথের গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। এ সময় পার্কের ভেতরে মা দ ক সেবন, অবৈধ কর্মকাণ্ড ও অন্যান্য নিরাপত্তা সমস্যা নিয়ন্ত্রণে নজরদারি চালানো হবে।
তবে নির্মাণকাজ চলাকালে পার্কটি সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।
লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, পার্কের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা উন্নত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই বেড়া নির্মাণ করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পার্কটিতে মা দ ক-সংক্রান্ত কর্মকাণ্ড, অপরাধ, ভাঙচুর, দেয়ালে আঁকিবুঁকি এবং পরিচ্ছন্নতার সমস্যা বেড়েছে। এসব মোকাবিলায় পুলিশি টহল, পরিচ্ছন্নতা কার্যক্রম ও আলোর ব্যবস্থা বাড়ানো হয়েছে।
তবে নতুন বেড়া নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, এতে পার্কটি আবার পরিবার ও শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠবে। অন্যদের আশঙ্কা, বেড়া দিয়ে পার্ক বন্ধ রাখলে সমস্যাগুলো আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
৪১ বছর বয়সী স্থানীয় বাসিন্দা ইসাইয়াস ডি লিওন বলেন, শুধু বেড়া দিয়ে সমস্যার সমাধান হবে না। তার মতে, পার্কের ভেতরে ও বাইরে আরও নিরাপত্তাকর্মী প্রয়োজন। কারণ, পার্কের বাইরেও মা দ ক সেবন ও বেচাকেনা চলতে দেখা যায়।
অন্যদিকে, ৬১ বছর বয়সী গৃহহীন ব্যক্তি ফেলিপে রুইজ মনে করেন, রাতে পার্ক বন্ধ রাখার ব্যবস্থা কার্যকর হতে পারে। তার ভাষ্য, মা দ ক ও নিরাপত্তাহীনতার কারণে তিনি সেখানে বেশি সময় থাকতে স্বস্তি বোধ করেন না।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে ম্যাকআর্থার পার্ক এবং এর আশপাশের ৩৫০ ফুট এলাকায় পুলিশ ৬৯৪ জনকে গ্রেপ্তার করেছে। আগের বছরের একই সময়ে গ্রেপ্তারের সংখ্যা ছিল ৭৮১। এসব ঘটনার বেশির ভাগই গুরুতর শারীরিক আক্রমণ ও ছিনতাই-ডাকাতিসংক্রান্ত। একই সময়ে দুটি ধ র্ষ ণের ঘটনাও নথিভুক্ত হয়েছে।
তুলনামূলকভাবে কাছের লাফায়েত পার্কে একই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ছিল ৩৬। ওই পার্কটি বেড়া দিয়ে ঘেরা এবং রাতে বন্ধ রাখা হয়।
এই প্রকল্পের জন্য মোট ২৩ লাখ ডলারের মধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাজেট থেকে ১৬ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। গত মাসে নগরীর পার্ক ও বিনোদনবিষয়ক কমিশন প্রকল্পটির চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করে।
বেড়া নির্মাণের পাশাপাশি পার্কটির আরও কিছু উন্নয়নকাজ চলছে। এর মধ্যে রয়েছে নতুন নিরাপত্তা ক্যামেরা, এলইডি বাতি, শৌচাগার সংস্কার এবং শিশুদের খেলার জায়গার উন্নয়ন। পার্কের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সংযোগকারী টানেল আবার চালু করা, চলাচলের সুবিধা বাড়ানো, বিনা মূল্যে ওয়াই-ফাই এবং সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। ২০২৭ সালের শরৎকালে পার্কে আবার প্যাডেল বোট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
তবে পার্কটির অতীত অভিজ্ঞতা নিয়ে সংশয় রয়েছে। ২০২২ সালের শুরুতে প্রায় ১৫ লাখ ডলার ব্যয়ে পার্কটির সংস্কার করা হয়েছিল। নতুন গাছপালা, আলো, হাঁটার পথ, বেঞ্চ ও অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছিল। তখন কর্তৃপক্ষ পার্কটিকে পরিচ্ছন্ন ও নিরাপদ হিসেবে পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেখানে আবার গৃহহীন মানুষের বসতি, মা দ ক ব্যবহার, অপরাধ ও ময়লা-আবর্জনার সমস্যা ফিরে আসে।
নতুন প্রকল্পের বিরোধিতাও রয়েছে। নগরীর সাংস্কৃতিক ঐতিহ্য কমিশন আশঙ্কা প্রকাশ করেছে, স্থায়ী বেড়া পার্কটির ঐতিহাসিক সৌন্দর্য ও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত করতে পারে। ১৯৭২ সালে ম্যাকআর্থার পার্ককে লস এঞ্জেলেসের ঐতিহাসিক-সাংস্কৃতিক স্থাপনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কমিশন স্থায়ী উঁচু বেড়ার পরিবর্তে অস্থায়ী কিংবা অপেক্ষাকৃত নিচু বেড়ার বিকল্প বিবেচনার পরামর্শ দিয়েছিল।
এর আগে একই ধরনের সমস্যায় পড়া ইকো পার্কেও ২০২১ সালে অস্থায়ী বেড়া বসানো হয়েছিল। গৃহহীন মানুষের বড় একটি শিবির সরিয়ে পার্কটি পরিষ্কার ও সংস্কারের পর ২০২৩ সালে সেই বেড়া খুলে ফেলা হয়।
মেয়র কারেন বাসের প্রশাসন জানিয়েছে, ম্যাকআর্থার পার্কের নতুন ব্যবস্থার কার্যকারিতা সময়ের সঙ্গে মূল্যায়ন করা হবে। নগর কর্তৃপক্ষের আশা, বেড়া, পুলিশি নজরদারি, পরিচ্ছন্নতা ও অন্যান্য সংস্কারকাজ মিলিয়ে পার্কটিকে আবার সাধারণ মানুষের জন্য নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তবে শুধু অবকাঠামোগত পরিবর্তনে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো প্রশ্ন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন