রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকা। ছবি: প্রথম আলো
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ইয়াছিন আরাফাত (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে ইয়াছিন আরাফাতের আইনজীবী রনজুল ইসলাম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। তবে অন্য দুই আসামির পক্ষে জামিন আবেদন করা হয়নি। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর বহির্গমন ফটক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক আবুল কালাম।
মামলার বিবরণ অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
পরে এপিবিএনের কার্যালয়ে ইয়াছিন আরাফাতের শরীর তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির প্যাকেট পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা এবং রাসায়নিক বিশ্লেষণের পর প্যাকেটগুলোর ভেতরে সোনার পেস্ট থাকার বিষয়টি নিশ্চিত হয়।
এপিবিএনের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। এর মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
পুলিশের ভাষ্য, সৌরভ নামে এক ব্যক্তি নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে জাকিরুল, শাওনসহ চক্রের অন্য সহযোগীদের মাধ্যমে তা চোরাচালান করা হতো বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন