ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা
ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে লন্ডনে তাঁর মেয়ের বাসায় রোজিনা। ছবি: প্রথম আলো
ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। সম্প্রতি লন্ডনে মেয়ের বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পর এই তথ্য জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি ও মুহূর্ত নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন রোজিনা। সেখানে তিনি জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থ এই অভিনেতা বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। সাক্ষাতের সময় দুই দীর্ঘদিনের সহকর্মী একসঙ্গে বসে খাওয়া-দাওয়াও করেন।
কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করে রোজিনা লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করলাম। শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’
ইলিয়াস কাঞ্চন দেড় বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন। চিকিৎসার মাঝখানে গত ৩ আগস্ট ১০ দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি। ১২ আগস্ট আবার লন্ডনে ফিরে যান। ওই সময় পরিবারের সদস্যদের পাশাপাশি দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা করেন তিনি।
দেশে অবস্থানকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের একটি অনুষ্ঠানে অংশ নেন কাঞ্চন। কাকরাইলে সংগঠনটির কার্যালয়েও যান। এ ছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজের গ্রামের বাড়িতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটান।
ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা শুরু হয় ইলিয়াস কাঞ্চনের। একই বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় জানা যায়, টিউমারটি ব্রেন ক্যানসার।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম পর্যায়ে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে থেরাপি নিতে হয় তাঁকে। পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহে ৬০টির বেশি কেমোথেরাপি নিয়েছেন এই অভিনেতা। এরপর কয়েক ধাপে চলে ওরাল থেরাপি।
দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়ে দেশে ফেরার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ার পর কিছুদিনের জন্য দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী গত আগস্টে দেশে এলেও চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য পরে আবার লন্ডনে ফিরে যেতে হয় তাঁকে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন