রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া
স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির
পিপিনের কাছে নারীদের পাঠানো অন্তর্বাস পরা ও বাথটাবে তোলা একাধিক ছবি ছিল। ছবি: WKMG News 6 ClickOrlando
ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওসিওলা কাউন্টিতে দায়িত্ব পালনকালে একাধিক নারীর সঙ্গে যৌ ন ইঙ্গিতপূর্ণ বার্তা ও ছবি আদান-প্রদানের অভিযোগে এক ডেপুটির চাকরির অবসান হয়েছে। ম্যাথিউ পিপিন নামের ওই কর্মকর্তা নিজের দাপ্তরিক মোবাইল ফোন ব্যবহার করে এসব বার্তা পাঠাতেন। ২২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীতে কাজ করা পিপিন সর্বশেষ কাউন্টি শেরিফের কার্যালয়ের কৃষি ও সামুদ্রিক ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।
অভ্যন্তরীণ তদন্তে দেখা যায়, পিপিন দায়িত্বে থাকা অবস্থায় একাধিক নারীর সঙ্গে আপত্তিকর বার্তা বিনিময় করতেন। তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার ব্যবস্থাও করতেন। তদন্তকারীরা তাঁর দাপ্তরিক ফোনের বার্তা, কাজের সময়সূচি এবং রেডিও যোগাযোগের তথ্য পর্যালোচনা করে এসব কর্মকাণ্ডের প্রমাণ পান। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের ফোন রেকর্ডও তদন্তের আওতায় আনা হয়।
তদন্তকারীরা আরও জানতে পারেন, পিপিন কয়েকজন নারীর ব্যক্তিগত তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ ডেটাবেস ব্যবহার করেছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে সরকারি এই তথ্যভান্ডারে প্রবেশ করাকে তদন্তে নীতিমালার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়।
২০২৬ সালের মে মাসে একটি পৃথক ঘটনার তদন্তের সময় পিপিনের বিরুদ্ধে তিন বছর আগের একটি যৌ ন নি র্যাতনের অভিযোগ সামনে আসে। ওই অভিযোগের বিষয়ে তদন্ত হলেও জোরপূর্বক যৌ ন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরে স্টেট অ্যাটর্নির কার্যালয়ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেনি। তবে ওই তদন্ত করতে গিয়েই পিপিনের দাপ্তরিক ফোনে একাধিক নারীর সঙ্গে আপত্তিকর বার্তা আদান-প্রদানের বিষয়টি সামনে আসে।
জিজ্ঞাসাবাদে পিপিন স্বীকার করেন, তিনি ব্যক্তিগত ফোনের পরিবর্তে অফিসের ফোন ব্যবহার করতেন। কেন এমনটি করেছেন, জানতে চাইলে তিনি স্ত্রীকে বিষয়টি জানানো এড়ানোর কথা বলেন। তদন্তকারীদের কাছে তিনি আরও স্বীকার করেন, দায়িত্ব পালনকালে এ ধরনের বার্তা আদান-প্রদান করা অনুচিত ছিল।
ওসিওলা কাউন্টির শেরিফ ক্রিস ব্ল্যাকমন এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, জবাবদিহি ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে হয়। কেউ দায়িত্বে থেকে এসব মানদণ্ড লঙ্ঘন করলে এবং জনগণের আস্থার ক্ষতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
শেরিফের কার্যালয় জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পর পিপিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে তদন্তসংক্রান্ত নথি অনুযায়ী, বরখাস্তের সুপারিশের আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পর ১৫ অক্টোবর তিনি পদত্যাগের আবেদন করেছিলেন। ৩০ অক্টোবর তাঁর চাকরির অবসানসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিউজ ডেক্স
শেয়ার করুন