শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল
শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল
ছবি: লস এঞ্জেলেস টাইমস
যুক্তরাষ্ট্রের প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর নতুন ধরনের স্কুল চালু হয়েছে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস এলাকায়। এসব স্কুলে প্রচলিত অর্থে শিক্ষক, পাঠ্যবই কিংবা বাড়ির কাজের ওপর নির্ভর করতে হয় না শিক্ষার্থীদের। বরং ব্যক্তিগত দক্ষতা ও শেখার গতির সঙ্গে সামঞ্জস্য রেখে এআই প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে পাঠদান। তবে এই নতুন শিক্ষাব্যবস্থায় সন্তানদের পড়ানোর খরচ সাধারণ পরিবারের নাগালের বাইরে। বছরে টিউশন ফি গুনতে হচ্ছে ৭৫ হাজার ডলারেরও বেশি।
এ ধরনের শিক্ষাব্যবস্থার অন্যতম প্রতিষ্ঠান আলফা স্কুল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২০১৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি চলতি শিক্ষাবর্ষে লস এঞ্জেলেসের সান্তা মনিকা, প্লায়া ভিস্তা ও মালিবুতে নতুন ক্যাম্পাস চালু করেছে।
প্রতিষ্ঠানটির শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীরা প্রতিদিন প্রায় দুই ঘণ্টা এআইনির্ভর সফটওয়্যারের মাধ্যমে গণিত, ইংরেজি ও অন্যান্য মৌলিক বিষয়ে পড়াশোনা করে। শিক্ষার্থীর অগ্রগতি, দুর্বলতা ও শেখার সক্ষমতা বিশ্লেষণ করে সফটওয়্যার তাদের জন্য আলাদা পাঠ তৈরি করে। কোনো বিষয়ে সঠিক উত্তর দিতে পারলে পরবর্তী ধাপে আরও কঠিন প্রশ্ন দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে যেতে হলে পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেতে হয়।
আলফা স্কুলের দাবি, তাদের প্রযুক্তি ব্যবহার করে মাত্র দুই ঘণ্টায় প্রচলিত স্কুলের ছয় ঘণ্টার সমপরিমাণ পড়াশোনা করানো সম্ভব। এতে শিক্ষার্থীদের বাকি সময় সৃজনশীলতা, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, খেলাধুলা ও বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয় শেখার সুযোগ তৈরি হয়।
প্রচলিত শিক্ষকদের পরিবর্তে স্কুলটিতে কাজ করেন ‘গাইড’ হিসেবে পরিচিত কর্মীরা। তাদের অনেকেরই প্রচলিত শিক্ষকতার অভিজ্ঞতা বা শিক্ষাবিষয়ক ডিগ্রি নেই। তবে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সহায়তা এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তারা দায়িত্ব পালন করেন।
এআই প্রযুক্তির মাধ্যমে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। কেউ থ্রিডি প্রিন্টার দিয়ে খেলনা তৈরি করছে, কেউ ওয়েবসাইট বানানো শিখছে। আবার বিভিন্ন কর্মশালায় শিক্ষার্থীরা বইয়ের তাক তৈরি, সার্ফিং এবং বাস্তব জীবনে কাজে লাগে এমন নানা দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে।
স্কুলটির শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভিডিও গেমের মতো পুরস্কারব্যবস্থাও রয়েছে। ভালো ফলাফল ও নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য তারা পয়েন্ট অর্জন করে। পরে এসব পয়েন্ট দিয়ে হেডফোনসহ বিভিন্ন উপহার সংগ্রহ করতে পারে।
তবে নতুন এই শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগও রয়েছে। তাদের মতে, শিশুদের শেখার ক্ষেত্রে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আলোচনা এবং দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআইনির্ভর পাঠদান এসব মানবিক ও সামাজিক অভিজ্ঞতার জায়গা কতটা পূরণ করতে পারবে, তা এখনো পরিষ্কার নয়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেসের (ইউসিএলএ) প্রভাষক অ্যান ব্ল্যাকস্টক-বার্নস্টেইন মনে করেন, শেখার বড় একটি অংশ মানুষের সঙ্গে কথোপকথন ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তৈরি হয়। যন্ত্রনির্ভর শিক্ষায় এসব অভিজ্ঞতার কতটা ঘাটতি তৈরি হবে, তা বুঝতে আরও সময় প্রয়োজন।
ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সহযোগী অধ্যাপক মরগান পলিকফও এ ধরনের স্কুলের কার্যকারিতা নিয়ে স্বাধীন ও কঠোর গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
এদিকে লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট চলতি শিক্ষাবর্ষে স্কুলের সরবরাহ করা ডিভাইসে শিক্ষার্থীদের জেনারেটিভ এআই ব্যবহারের ওপর স্থগিতাদেশ দিয়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও শিশুদের এআই ব্যবহারে বয়সভিত্তিক সীমাবদ্ধতা আরোপ করছে।
আলফা স্কুলের দাবি, তাদের শিক্ষাপদ্ধতি এক দশকেরও বেশি সময় ধরে চলছে এবং শিক্ষার্থীরা প্রচলিত ব্যবস্থার তুলনায় দ্বিগুণ পর্যন্ত শিখতে পারছে। তবে এ দাবির পক্ষে স্বাধীন গবেষণার ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
প্রতিষ্ঠানটির অন্যতম বড় বিনিয়োগকারী ও প্রধান জো লিয়েম্যান্ড ২০২২ সালে স্কুলটির জন্য ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে আলফার ক্যাম্পাসের সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে ক্যালিফোর্নিয়ায় রয়েছে নয়টি।
প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও স্কুল চালুর পরিকল্পনা করছে। সম্ভাব্য নতুন অবস্থানের তালিকায় রয়েছে বেভারলি হিলসও।
আলফা স্কুলের এই পরীক্ষা শেষ পর্যন্ত সফল হবে, নাকি শিশুদের শিক্ষায় নতুন ঝুঁকি তৈরি করবে, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রচলিত শিক্ষাব্যবস্থায় অসন্তুষ্ট অনেক অভিভাবক নতুন এই মডেলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ব্যক্তিগতভাবে শেখার সুযোগ, বাস্তব দক্ষতা অর্জন এবং বাড়ির কাজের চাপমুক্ত শিক্ষা।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন