ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব
ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: রয়টার্স/ফ্রান্সেসকো ফোতিয়া
ইতালি ছেড়ে বিদেশে চলে যাওয়া সম্পদশালী ব্যক্তিদের ওপর প্রস্তাবিত ‘এক্সিট ট্যাক্স’ বা দেশত্যাগ করের পরিধি সীমিত করার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি। নতুন প্রস্তাব অনুযায়ী, শুধু করস্বর্গ হিসেবে পরিচিত দেশগুলোতে চলে যাওয়া ব্যক্তিদের ওপর এই কর আরোপ করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতালির আগামী বছরের বাজেট প্রস্তাবে থাকা বিতর্কিত এই কর নিয়ে ব্যাপক সমালোচনার পর সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান প্রস্তাব অনুযায়ী, ইতালিতে কমপক্ষে ৮ লাখ ইউরো মূল্যের আর্থিক বিনিয়োগ রয়েছে এমন ব্যক্তিরা দেশ ছেড়ে অন্য দেশে কর আবাস পরিবর্তন করলে তাদের অবাস্তবায়িত মূলধনি মুনাফার ওপর ২৬ শতাংশ কর দিতে হতে পারে। অর্থাৎ বিনিয়োগ বিক্রি করে প্রকৃত মুনাফা অর্জন না করলেও সম্পদের মূল্যবৃদ্ধির ওপর কর আরোপের পরিকল্পনা রয়েছে।
তবে মেলোনির দল ব্রাদার্স অব ইতালির আইনপ্রণেতা ইয়েলেনা লুকাসেল্লি এই নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তার সংশোধনী অনুযায়ী, কর আরোপের সীমা ৮ লাখ ইউরো থেকে বাড়িয়ে ২০ লাখ ইউরো করা হবে। পাশাপাশি, ইতালিতে গত ১০ অর্থবছরের মধ্যে অন্তত আট বছর বসবাস করেছেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, কেউ এমন দেশে চলে গেলে কেবল তখনই এই কর দিতে হবে, যেখানে কার্যকর করের হার শূন্য বা ১ শতাংশের নিচে এবং ইতালির সঙ্গে পর্যাপ্ত করসংক্রান্ত তথ্য বিনিময়ের ব্যবস্থা নেই। অন্য দেশে চলে গেলে এই এক্সিট ট্যাক্স প্রযোজ্য হবে না।
সরকারের কয়েকজন কর্মকর্তা সংশোধনীটি পুরোপুরি অথবা আংশিকভাবে গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ক্ষমতাসীন জোটের আরেক দল ফোরজা ইতালিয়া কর আরোপের সীমা ৫০ লাখ ইউরো করার প্রস্তাব দিয়েছে। জোটের কয়েকজন আইনপ্রণেতা আবার পুরো করব্যবস্থাটিই বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন।
সম্পদশালী বিনিয়োগকারীদের ইতালি ছাড়তে নিরুৎসাহিত করতে পারে—এমন আশঙ্কা থেকে কর বিশেষজ্ঞ ও সম্পদ ব্যবস্থাপনা পরামর্শকেরা প্রস্তাবটির সমালোচনা করেছেন।
চলতি বছরের শেষ নাগাদ ইতালির পার্লামেন্টে বাজেট অনুমোদন করতে হবে। ২০২৭ সাল থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
নিউজ ডেক্স
শেয়ার করুন