নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু
রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা
ক্যালিফোর্নিয়ার উপকূলে রেকর্ড জোয়ারের আশঙ্কা | ছবি: Los Angeles Times
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় জনপদগুলোতে রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। থ্যাংকসগিভিং সপ্তাহে সমুদ্রের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উপকূলীয় সড়ক, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার জোয়ারের উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অরেঞ্জ কাউন্টির উপকূলে পানির উচ্চতা ৭ দশমিক ৯ থেকে ৮ দশমিক ৩ ফুট পর্যন্ত হতে পারে। গত অক্টোবরের শেষ দিকে রেকর্ড হওয়া জোয়ারের উচ্চতাকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তর অরেঞ্জ কাউন্টিসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা বহাল থাকার কথা জানানো হয়েছে।
হান্টিংটন বিচের সানসেট বিচ এলাকায় বাসিন্দারা বাড়িঘর রক্ষায় বালুর বস্তা, প্লাস্টিকের প্রতিবন্ধক, অস্থায়ী দেয়াল ও পানি সরানোর পাম্প ব্যবহার করছেন। গত মাসের জোয়ারে এই এলাকার বেশ কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনও আগেভাগে প্রস্তুতি নিয়েছে।
এদিকে জোয়ারের পানিতে অরেঞ্জ কাউন্টির প্যাসিফিক কোস্ট হাইওয়ের কয়েকটি অংশ প্লাবিত হয়েছে। বিশেষ করে বোলসা চিকি স্টেট বিচের কাছাকাছি এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। হান্টিংটন বিচে প্যাসিফিক কোস্ট হাইওয়েসহ কয়েকটি সড়কে অস্থায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
শুধু জোয়ার নয়, বড় ঢেউও পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। অরেঞ্জ কাউন্টির উপকূলে ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ৮ ফুট এবং পশ্চিমমুখী সৈকতগুলোতে কোনো কোনো ঢেউ ১০ ফুট পর্যন্ত হতে পারে। অন্যদিকে ভেনচুরা কাউন্টিতে ঢেউ ১৫ ফুট এবং সেন্ট্রাল কোস্টের কিছু এলাকায় ২২ ফুট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা সমুদ্রসৈকত, পাথুরে উপকূল ও জেটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে আকস্মিকভাবে তীরের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঢেউ বা ‘স্নিকার ওয়েভ’ প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করা হয়েছে। প্লাবিত সড়কে গাড়ি না চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় এবারের জোয়ারের ঝুঁকি আরও তীব্র হয়েছে। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে উপকূলীয় এলাকায় ভ্রমণকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন