ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই
ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই
বিচ বয়েজের পরিবেশনায় মঞ্চে মাইক লাভ। ক্রেডিট: Amy Harris/Invision/AP
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পপ-রক ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা, গায়ক ও গীতিকার মাইক লাভ মা রা গেছেন। শনিবার (২৮ নভেম্বর) ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যক্তিগত জনসংযোগ প্রতিনিধি কেটি অল্টম্যান। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে অল্টম্যান বলেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় মাইক লাভের মৃ ত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমেরিকান সংস্কৃতির এক আইকন হিসেবে তিনি তাঁর অসাধারণ প্রতিভা এবং প্রজন্মের পর প্রজন্মের সংগীতশিল্পীকে অনুপ্রাণিত করার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আমেরিকান সংগীতে তাঁর অসামান্য অবদান এবং প্রিয় ভক্তদের সামনে গান গাওয়ার আনন্দকে আমরা উদ্যাপন করি।’
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় ছিলেন মাইক লাভ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সার্ফিং ও সমুদ্রসৈকতকেন্দ্রিক সংস্কৃতিকে জনপ্রিয় সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাঁর ব্যান্ড দ্য বিচ বয়েজ। দলটির সুর, কণ্ঠের বহুমাত্রিক সমন্বয় এবং প্রাণবন্ত সংগীত ষাটের দশকের আমেরিকান পপ-সংস্কৃতিতে বিশেষ জায়গা তৈরি করে।
১৯৬১ সালে ক্যালিফোর্নিয়ার হথর্ন শহরে ব্যান্ডটি গঠিত হয়। মাইক লাভের সঙ্গে ছিলেন তাঁর কাজিন ব্রায়ান উইলসন, ডেনিস উইলসন ও কার্ল উইলসন এবং স্কুলজীবনের বন্ধু আল জারডিন। পরবর্তী সময়ে দলটি বিশ্বসংগীতের অন্যতম পরিচিত পপ-রক ব্যান্ডে পরিণত হয়।
ব্যান্ডটির জনপ্রিয়তার পেছনে মাইক লাভের কণ্ঠ ও গীতিকার হিসেবে অবদান ছিল গুরুত্বপূর্ণ। ব্রায়ান উইলসনের সঙ্গে যৌথভাবে তিনি লিখেছেন একাধিক জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘সার্ফিন সাফারি’, ‘ফান, ফান, ফান’, ‘ক্যালিফোর্নিয়া গার্লস’, ‘আই গেট অ্যারাউন্ড’, ‘হেল্প মি, রোন্ডা’, ‘গুড ভাইব্রেশনস’, ‘বি ট্রু টু ইওর স্কুল’ এবং ‘শাট ডাউন’। এ ছাড়া ‘উডন্ট ইট বি নাইস’ গানটির সঙ্গেও তাঁর নাম জড়িয়ে আছে।
ক্যাপিটল রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর দ্য বিচ বয়েজের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। তাদের গানে ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকত, সার্ফিং, গাড়ি ও তরুণদের জীবনধারা উঠে আসে। একাধিক কণ্ঠের সমন্বয়ে তৈরি স্বতন্ত্র সুর এবং সহজে মনে থাকার মতো সংগীত দলটিকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
মাইক লাভের সংগীতজীবনে শুধু জনপ্রিয় গানই নয়, ব্যান্ডের অভ্যন্তরীণ সম্পর্ক ও নানা মতপার্থক্যও আলোচনায় এসেছে। বিশেষ করে ব্রায়ান উইলসনের সঙ্গে তাঁর সংগীতভাবনা ও সৃজনশীল ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। ব্রায়ান মূলত সুর ও সংগীতায়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, অন্যদিকে মাইক লাভের অবদান ছিল গানের কথা ও কণ্ঠে।
এ বছর মাইক লাভের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। গ্রীষ্মকালে ব্যান্ডের কয়েকটি অনুষ্ঠানে তাঁর পরিবেশনা আগের তুলনায় দুর্বল মনে হয়েছিল। হলিউড বোলের কয়েকটি অনুষ্ঠানেও তাঁর শারীরিক অবস্থার বিষয়টি নজরে আসে। পরে গুরুতর শারীরিক সমস্যার কারণে তাঁকে সুস্থ হওয়ার সুযোগ দিতে কয়েক মাসের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়। তবে তখন তাঁর অসুস্থতার নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
পরবর্তী সময়ে তিনি আবার মঞ্চে ফেরেন। দুটি কনসার্টে অংশ নিলেও পুরো সময় বসে গান পরিবেশন করেন। ব্যান্ডের সঙ্গে তাঁর শেষ অনুষ্ঠান ছিল ১০ অক্টোবর টেনেসির ন্যাশভিলে।
মাইক লাভের মৃ ত্যুর মধ্য দিয়ে দ্য বিচ বয়েজের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে এখন একমাত্র জীবিত রয়েছেন আল জারডিন। ব্রায়ান উইলসন ২০২৫ সালে, কার্ল উইলসন ১৯৯৮ সালে এবং ডেনিস উইলসন ১৯৮৩ সালে মা রা যান।
মাইক লাভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগীতজগতে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর প্রতিনিধি তাঁকে আমেরিকান সংগীতের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন। স্ত্রী ও নয় সন্তান রেখে গেছেন এই শিল্পী।
৬০ বছরের বেশি সময় ধরে মঞ্চে ও সংগীতে সক্রিয় থাকা মাইক লাভের কণ্ঠ, গান এবং দ্য বিচ বয়েজের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রা আমেরিকান জনপ্রিয় সংগীতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ব্যান্ডটির জনপ্রিয়তা কয়েক দশক পেরিয়েও ধরে রাখার পেছনে মাইক লাভের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দ্য বিচ বয়েজের বিশ্বব্যাপী রেকর্ড বিক্রি ১০ কোটির বেশি। ষাটের দশকের সাফল্যের পরও দলটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখে। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘কোকোমো’ গানটি আবারও ব্যান্ডটিকে চার্টের শীর্ষে নিয়ে যায়। গানটি সহলেখকদের একজন ছিলেন মাইক লাভ।২০১২ সালে ব্রায়ান উইলসনের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করেন তিনি। সে বছর প্রকাশিত হয় দ্য বিচ বয়েজের অ্যালবাম ‘দ্যাটস হোয়াই গড মেড দ্য রেডিও’। দীর্ঘদিনের মতপার্থক্যের পর এই পুনর্মিলন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। সংগীতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাঁকে সংরাইটার্স হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
ব্যক্তিজীবনে স্ত্রী ও নয় সন্তান রেখে গেছেন মাইক লাভ। তাঁর মৃত্যুতে দ্য বিচ বয়েজের ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
নিউজ ডেক্স
শেয়ার করুন