৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস
৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকায় বুধবার উঁচু ঢেউ আছড়ে পড়ে সমুদ্রপ্রতিরক্ষা বাঁধে। ছবি: নোয়া বার্গার / অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ভয়াবহ ঢেউ ও রেকর্ড উচ্চতার জোয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সমুদ্রের প্রবল ঢেউয়ে প্রতিরক্ষা বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায়। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও সড়ক। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা শহরে ভেঙে পড়েছে ঐতিহাসিক একটি পিয়ারের বড় অংশ। বুধবার (২৫ নভেম্বর) ২০ থেকে ৩০ ফুট উচ্চতার ঢেউয়ের আঘাতে এ বিপর্যয় ঘটে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্যাসিফিকায়। সেখানে সমুদ্রের পানি কয়েকটি সড়ক দিয়ে প্রবাহিত হয়ে আবাসিক এলাকায় ঢুকে পড়ে। শহরের উপকূলীয় এলাকায় বালুর বস্তা দিয়ে তৈরি অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থাও পানির চাপ সামলাতে পারেনি। কিছু সড়কে দুপুরের দিকে হাঁটুসমান পানি জমে যায়। পানি সরানোর জন্য স্থাপন করা পাম্পগুলো চালু থাকলেও সমুদ্র থেকে আসা পানির প্রবল প্রবাহের কারণে সেগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
প্যাসিফিকার ঐতিহাসিক পিয়ারের এল-আকৃতির শেষ অংশে আছড়ে পড়ে বিশাল ঢেউ। এতে কাঠামোর উল্লম্ব খুঁটিগুলো বেঁকে যায় এবং পিয়ারের একটি বড় অংশ সমুদ্রে ধসে পড়ে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, পিয়ারের ওই অংশটি আগের ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাঠামোগত ফাটল ও অন্যান্য সমস্যার কারণে জুন মাস থেকেই পিয়ারটি বন্ধ ছিল। ১৯৭৩ সালে নির্মিত এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ উপকূলীয় স্থাপনা হিসেবে পরিচিত।
সান মাতেও কাউন্টির সুপারভাইজার রে মুলার বলেন, প্রবল জোয়ারের পানি বাঁধ উপচে আসায় পাম্পগুলো পানির সঙ্গে তাল মেলাতে পারছিল না। ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধার এবং উপকূলীয় অবকাঠামো মজবুত করতে স্থানীয় কর্তৃপক্ষের আরও সহায়তা প্রয়োজন হবে বলেও জানান তিনি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্যাসিফিকার ক্ষয়ক্ষতিকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও সাধারণ হয়ে উঠতে পারে। উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য শুধু সাময়িক ব্যবস্থা যথেষ্ট নয় বলেও সতর্ক করেন তিনি।
উপকূলজুড়ে জোয়ারের প্রভাব পড়েছে আরও কয়েকটি এলাকায়। সান্তা ক্রুজ কাউন্টির পাজারো ডিউনস এলাকায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আশ্রয়স্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। মারিন কাউন্টির স্টিনসন বিচে সমুদ্রতীরবর্তী বাড়িগুলোর জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়। কিছু সড়কে ঘরেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছিল। পয়েন্ট রেইস এলাকায় ঢেউয়ের উচ্চতা ২৪ ফুটে পৌঁছায়। আবহাওয়া কর্মকর্তারা প্রাণঘাতী ঢেউ, শক্তিশালী স্রোত ও উপকূলীয় ভাঙনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।
দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও রেকর্ড জোয়ারের প্রভাব দেখা গেছে। সান ডিয়েগোর লা জোল্লায় জোয়ারের উচ্চতা ৮ দশমিক ১১ ফুটে পৌঁছে, যা আগের ৭ দশমিক ৯৮ ফুটের রেকর্ড ছাড়িয়ে যায়। সান্তা বারবারায় জোয়ারের উচ্চতা ৮ দশমিক ২১ ফুটে পৌঁছে নতুন রেকর্ড গড়ে। লস অ্যাঞ্জেলেসের সান পেদ্রো এলাকায় জোয়ার ৮ দশমিক ১৯ ফুটে ওঠে, যা আগের রেকর্ডের সমান।
অরেঞ্জ কাউন্টির সানসেট বিচ এলাকায় একাধিক বাড়িতে পানি ঢুকে পড়ে। হান্টিংটন বিচের ফায়ার চিফ এরিক ম্যাককয় জানান, পানি বাঁধ ও ডকের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাসিন্দারা বালুর বস্তা ও অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা জোরদার করায় ক্ষয়ক্ষতি কিছুটা কমেছে।
কর্তৃপক্ষের আশঙ্কা, থ্যাঙ্কসগিভিং সপ্তাহের পরও বড় জোয়ারের ঝুঁকি থাকবে। বড়দিনের সময় এবং আগামী বছরের জানুয়ারিতে আবারও অস্বাভাবিক উচ্চ জোয়ার দেখা যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের তাই উপকূলীয় এলাকা থেকে দূরে থাকা এবং পরবর্তী সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন