ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই
লস এঞ্জেলেসে আবারও ভূমিকম্প, ৪ দশমিক ২ মাত্রার নতুন কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া
শনিবার রাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে লস এঞ্জেলেস। ক্রেডিট: ইউএসজিএস (USGS)
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরও থামেনি কম্পন। শনিবার (২৮ নভেম্বর) সকালে মূল ভূমিকম্পের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে একের পর এক পরাঘাত অনুভূত হয়েছে। একই দিন বিকেল ৫টার কিছু আগে পর্যন্ত অন্তত ৮৩টি পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনস।
স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে আঘাত হানা মূল ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটন বিচের দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকায়। লস এঞ্জেলেস-অরেঞ্জ কাউন্টি মহানগর এলাকায় ২০১৪ সালের পর এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ৪ দশমিক ৫ মাত্রার একটি উল্লেখযোগ্য পরাঘাত আঘাত হানে। এ ছাড়া অন্তত দুটি পরাঘাতের মাত্রা ছিল ৪ এবং আরও আটটির মাত্রা ছিল ৩ থেকে ৪-এর মধ্যে।
ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনস জানান, পরাঘাতের সংখ্যা ও তীব্রতা বিবেচনায় এ ভূমিকম্পের পরবর্তী কম্পনগুলো বেশ সক্রিয় ছিল। সাধারণত মূল ভূমিকম্পের পর ছোট কম্পন বেশি দেখা গেলেও কোনো কোনো ক্ষেত্রে বড় পরাঘাতও হতে পারে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সিসমোলজি ল্যাব জানিয়েছে, আগামী কয়েক দিন আরও ভূমিকম্প অনুভূত হতে পারে। অধিকাংশ কম্পন ছোট হওয়ার সম্ভাবনা থাকলেও তুলনামূলক শক্তিশালী পরাঘাতের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় এমন কম্পন ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
ভূমিকম্পের পর লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীরা বিভিন্ন অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। প্রাথমিক পরিদর্শনে শহরের মধ্যে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৭-এ কয়েকটি কাচ ভেঙে যায় এবং পরবর্তী একটি কম্পনে ছাদের প্যানেল খুলে পড়ে। এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়নি।
এদিকে ভূমিকম্পের পর বাসিন্দাদের সতর্ক থাকার এবং জরুরি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাড়িতে পানি ও প্রয়োজনীয় খাবার মজুত রাখা, ভারী আসবাবপত্র দেয়ালের সঙ্গে আটকে রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে করণীয় ঠিক করে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন