রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু
বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট
ছবি: এলএ টাইমস
বড়দিনের উৎসব সামনে রেখে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে পণ্য বাছাই, সাজানো ও সরবরাহের কাজে ব্যস্ত সময় পার করছে ১৭০টি স্বয়ংক্রিয় রোবট। মানুষের মতো হাত-পা না থাকলেও চাকার ওপর চলা এসব রোবট দিনরাত কাজ করে যাচ্ছে। তাদের দায়িত্ব স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার হাজার হাজার পণ্যের বাক্স গুছিয়ে দ্রুত সরবরাহের জন্য প্রস্তুত করা। টরেন্স শহরের একটি বিশাল গুদামে চলছে এই প্রযুক্তিনির্ভর কর্মযজ্ঞ।
ক্যালিফোর্নিয়ার টরেন্সে ভ্যান নেস অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত গুদামটিতে লাল রঙের ১৭০টি রোবট কাজ করছে। এগুলো পোশাক, জুতা, ব্যাকপ্যাকসহ পুমার বিভিন্ন পণ্য বাছাই ও পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। গুদামের ভেতরে বিশেষভাবে তৈরি একটি বিশাল গ্রিডের ওপর দিয়ে রোবটগুলো চলাচল করে। নিচে সারি সারি করে সাজানো থাকে পণ্যের বাক্স। নির্দিষ্ট অর্ডার অনুযায়ী প্রয়োজনীয় বাক্স খুঁজে বের করে সেগুলো তুলে নিয়ে যায় রোবট। এরপর পণ্যগুলো সরবরাহের পরবর্তী ধাপে পাঠানো হয়।
এই প্রযুক্তি তৈরি করেছে অটোমেশন প্রতিষ্ঠান অটোস্টোর। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট এলেন ব্রুনের ভাষায়, রোবটগুলো অসুস্থতার কারণে ছুটি নেয় না, দুপুরের খাবারের বিরতিও প্রয়োজন হয় না। এগুলো দুই শিফটে কাজ করতে পারে এবং মানুষের মতো অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম দিতে হয় না।
বড়দিনের কেনাকাটার মৌসুমে দ্রুত পণ্য হাতে পাওয়ার চাহিদা বেড়ে যায়। ক্রেতারা অনেক সময় অনলাইনে অর্ডার করার পর দীর্ঘ অপেক্ষা করতে চান না। অটোস্টোরের বৈশ্বিক জনসংযোগ বিভাগের প্রধান প্যাট্রিক ওয়ালগ্রেন বলেন, ক্রেতারা এখন যে পণ্যই অর্ডার করুন না কেন, সেটি পরের সপ্তাহের বদলে পরবর্তী এক ঘণ্টার মধ্যে পেতে চান। এই দ্রুত সরবরাহের চাপ সামলাতেই গুদামগুলোতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
টরেন্সের গুদামটি পরিচালনা করছে আন্তর্জাতিক লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মায়েরস্ক। ৬ লাখ ৭২ হাজার বর্গফুটের এই বিশাল স্থাপনায় বর্তমানে প্রায় ১০০ জন কর্মীও কাজ করছেন। রোবটগুলো পণ্য বাছাই ও পরিবহনের পুনরাবৃত্তিমূলক কাজ সামলায়। অন্যদিকে, মানুষের দায়িত্ব পণ্যগুলো সঠিকভাবে রোবটের ব্যবস্থায় যুক্ত করা, অর্ডার অনুযায়ী পণ্য প্যাকেট করা এবং গ্রাহকসংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পন্ন করা।
মায়েরস্কের চুক্তিভিত্তিক লজিস্টিকস বিভাগের প্রধান ডেভিড হুনের মতে, এই প্রযুক্তির উদ্দেশ্য কর্মীদের সরিয়ে দেওয়া নয়; বরং তাঁদের সঙ্গে সমন্বয় করে কাজ করা। রোবটগুলো একই ধরনের কাজ বারবার করার দায়িত্ব নেয়। এতে কর্মীরা সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং গ্রাহকদের সেবা দেওয়ার মতো কাজে বেশি সময় দিতে পারেন।
গুদামটির রোবটগুলো একসঙ্গে সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজারটি পণ্যের বাক্স ব্যবস্থাপনা করতে পারে। প্রতিটি বাক্সে একাধিক পণ্য রাখা সম্ভব। অটোস্টোরের এই ব্যবস্থা পুমা ও মায়েরস্কের জন্য বছরে সর্বোচ্চ ২ কোটি পণ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা রাখে। গুদাম থেকে প্রতিদিন বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পণ্যের চালান পাঠানো হয়। এর মধ্যে রয়েছে ডিকস স্পোর্টিং গুডস ও ফুট লকার।
প্রযুক্তিটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বিদ্যুৎ সাশ্রয়। অটোস্টোরের তথ্য অনুযায়ী, প্রতিটি রোবট একটি ভ্যাকুয়াম ক্লিনারের চেয়েও কম বিদ্যুৎ ব্যবহার করে। টরেন্সের গুদামে রোবটগুলোর কার্যক্ষমতা বা আপটাইম ৯৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ অধিকাংশ সময়ই এগুলো সচল থেকে কাজ করতে পারে।
ক্যালিফোর্নিয়ায় শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং কর্মী পাওয়া কঠিন হয়ে ওঠার কারণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বয়ংক্রিয় প্রযুক্তির চাহিদা বাড়ছে। এলেন ব্রুনে বলেন, যেসব এলাকায় ন্যূনতম মজুরি বেশি, সেখানে অটোমেশন প্রযুক্তি ব্যবহারের প্রবণতা তুলনামূলক বেশি। একইভাবে শ্রমিকের সংকট থাকলেও প্রতিষ্ঠানগুলো রোবটনির্ভর ব্যবস্থার দিকে ঝুঁকছে।
অটোস্টোরের কার্যক্রম অবশ্য শুধু টরেন্সের এই গুদামেই সীমাবদ্ধ নয়। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজারটি স্থাপনায় বিভিন্ন আকারের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু রয়েছে। ক্যালিফোর্নিয়াতেই তাদের ১০টির বেশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নরওয়ে ও যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে করপোরেট সদর দপ্তর থাকা প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে প্রথম বাণিজ্যিকভাবে তাদের রোবটনির্ভর ব্যবস্থা চালু হয়। এরপর থেকে প্রযুক্তিটির সক্ষমতা ও ব্যবহারের পরিধি বেড়েছে। বর্তমানে মুদি পণ্য, ওষুধ ও শিল্পকারখানার সরঞ্জাম ব্যবস্থাপনাতেও এসব রোবট ব্যবহার করা হচ্ছে।
টরেন্সের গুদামটি আপাতত শুধু পুমার পণ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে। তবে আগামী বছর থেকে অন্য প্রতিষ্ঠানগুলোকেও এখানে রোবটের অতিরিক্ত সক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়া হবে। উত্তর আমেরিকায় মায়েরস্কের অটোস্টোরভিত্তিক স্থাপনাগুলোর মধ্যে এটিই প্রথম, যেখানে একাধিক ব্র্যান্ডের পণ্য একসঙ্গে ব্যবস্থাপনার ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
বিশ্বজুড়ে রোবট প্রযুক্তি নিয়ে আলোচনা বাড়লেও মানুষের মতো দেখতে, হাঁটতে ও কথা বলতে পারে এমন হিউম্যানয়েড রোবট এখনো ব্যাপকভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি। অটোস্টোরের কর্মকর্তাদের মতে, এ ধরনের রোবট আরও উন্নত হতে সময় লাগবে। আপাতত চাকার ওপর চলা শিল্পকারখানা ও গুদামভিত্তিক রোবটই বাস্তব কাজে বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে।
অটোস্টোর ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটের সম্ভাব্য ব্যবহার নিয়েও কাজ করছে। পাশাপাশি সফটওয়্যার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করে পণ্য বাছাই ও সরবরাহের প্রক্রিয়া আরও বুদ্ধিমান ও দ্রুত করার চেষ্টা চলছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, অনলাইনে কেনাকাটার চাহিদা সামনে আরও বাড়বে। ফলে দ্রুত পণ্য সরবরাহের প্রতিযোগিতায় স্বয়ংক্রিয় প্রযুক্তির গুরুত্বও বাড়তে থাকবে। বড়দিনের মৌসুমে টরেন্সের ১৭০টি রোবট সেই পরিবর্তনেরই একটি বাস্তব উদাহরণ।
নিউজ ডেক্স
শেয়ার করুন