লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার
লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের মন্টক্লেয়ারে প্রায় ৪০ হাজার পাউন্ড বা ১৮ টনের বেশি বিয়ার চুরির ঘটনায় তথ্যদাতাদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান পাবস্ট ব্লু রিবন (পিবিআর)।
গত ১৭ আগস্ট মন্টক্লেয়ারে আনহিউজার-বুশের একটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এক ট্রাকভর্তি বিয়ার চুরি যায়। ট্রাকটিতে ১ হাজার ৬০০টিরও বেশি কেস বিয়ার ছিল। চুরি যাওয়া বিয়ারের মোট মূল্য প্রায় ৭০ হাজার ডলার বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনাটিকে বড় ধরনের বিয়ার চুরি হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ট্রাকে থাকা বিয়ারের ওজন ছিল প্রায় ৪০ হাজার পাউন্ড। চুরির পর থেকে বিয়ারগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাবস্ট ব্লু রিবনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেইগ ডিবো বলেন, চোরেরা হয়তো ৪০ হাজার পাউন্ড পিবিআর বিয়ার নিয়ে নিজেদের গ্যারেজ ভরে বেশ খুশি। তবে এবার যথেষ্ট হয়েছে। চুরি যাওয়া বিয়ার উদ্ধারে সহায়তা করতে তিনি পুরস্কার ঘোষণা করেছেন।
কোম্পানিটি চুরি যাওয়া বিয়ার ৯ সেপ্টেম্বরের মধ্যে ফেরত পাওয়ার আশা করছে। তবে এর আগে বিয়ার উদ্ধারে সহায়ক কোনো তথ্য পাওয়া গেলে সর্বোচ্চ ৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
কোম্পানিটি টিকটকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ৯ সেপ্টেম্বরের সময়সীমা পার হওয়ার পর পুরস্কারের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ২০ হাজার ডলার করা হবে। অর্থাৎ চুরি যাওয়া বিয়ার কোথায় রয়েছে বা কারা এর সঙ্গে জড়িত—এমন তথ্য দিয়ে বিয়ার উদ্ধারে সহায়তা করলে বড় অঙ্কের পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।
চুরি যাওয়া বিয়ার সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে পাবস্ট ব্লু রিবনের নির্ধারিত হটলাইন ই-মেইলে তা জানাতে বলা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বিয়ার উদ্ধারে সহায়তা করতে পারলেই পুরস্কার পাওয়ার যোগ্যতা তৈরি হবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন