ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ
ছবিঃ এলএবাংলাটাইমস
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মীদের হুমকি দেওয়া এক নারীকে ঠেকিয়ে স্থানীয় নায়ক হিসেবে প্রশংসিত হচ্ছেন ২০ বছর বয়সী লুকা ওপারম্যান।
ঘটনাটি ঘটে লেক এলসিনোর শহরের একটি ইন-এন-আউট রেস্তোরাঁয়। ওপারম্যান তখন গাড়ি নিয়ে ড্রাইভ-থ্রু লাইনে অপেক্ষা করছিলেন। হঠাৎ রেস্তোরাঁর ভেতর থেকে প্রচণ্ড চিৎকার ও ভাঙচুরের শব্দ শুনতে পান তিনি।
ওপারম্যান জানান, ভেতরে তাকিয়ে তিনি দেখতে পান এক নারী হাতে বেসবল ব্যাটের মতো দেখতে একটি বড় কাঠের লাঠি নিয়ে রেস্তোরাঁয় তাণ্ডব চালাচ্ছেন।
সাবেক জিমন্যাস্ট ও ফ্রিস্টাইল ট্রাম্পোলিন অ্যাথলেট ওপারম্যান বলেন, পরিস্থিতি দেখে তিনি আর অপেক্ষা করেননি। গাড়ি থেকে নেমে ড্রাইভ-থ্রু জানালা দিয়ে পা আগে করে লাফিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়েন।
এরপর রান্নাঘরের কাউন্টার থেকে একটি ধাতব স্প্যাটুলা নিয়ে ওই নারীর সামনে দাঁড়ান। তিনি নারীকে সরে যেতে বললেও নারী লাঠি ঘোরাতে থাকেন।
ওপারম্যানের ভাষ্য, লাঠিটির এক প্রান্ত ভাঙা ছিল এবং সেটি বেশ ধারালো হয়ে গিয়েছিল। ফলে তিনি বুঝতে পারেন, পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।
নারীকে থামাতে একপর্যায়ে তিনি তার দিকে ঝাঁপিয়ে পড়ে লাঠিটি কেড়ে নেন। ওপারম্যান বলেন, “আমি যদি তখনই এগিয়ে না যেতাম, জানতাম কেউ না কেউ আহত হতো।”
ঘটনার সময় আতঙ্কে রেস্তোরাঁর বেশিরভাগ কর্মী পেছনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, নিজের বার্গার দ্রুত তৈরি না হওয়ায় ওই নারী ক্ষুব্ধ হয়ে কর্মীদের সঙ্গে এমন আচরণ করছিলেন।
লাঠিটি কেড়ে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ আহত হননি। পরে পুলিশ ওই নারীকে আটক করে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওপারম্যানের সাহসিকতার প্রশংসা শুরু হয়। অনেকেই তাকে স্থানীয় ‘নায়ক’ হিসেবে অভিহিত করেন।
তবে ওপারম্যান নিজে বিষয়টিকে বড় করে দেখতে চান না। তার ভাষায়, তিনি শুধু সেই মুহূর্তে অন্যদের নিরাপদ রাখতে যা করা প্রয়োজন, সেটাই করেছেন।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন