লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার
লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের একটি পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তিনি ওই প্রতিষ্ঠানে হিসাব ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে কোম্পানির অর্থ নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত নারীর নাম ডোনা ফে বুই। তার বয়স ৪৫ বছর। তিনি লস এঞ্জেলেস কাউন্টির ভেরনন শহরভিত্তিক নারীদের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কারেন কেইন ইনকরপোরেটেডে হিসাব ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়।
প্রসিকিউটরদের অভিযোগ, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির ব্যাংক হিসাবগুলোর দায়িত্ব ছিল বুইয়ের ওপর। নির্দিষ্ট কিছু ব্যাংক হিসাবে ইলেকট্রনিকভাবে প্রবেশের একমাত্র অনুমতিও ছিল তার কাছে। পাশাপাশি কোম্পানির বিভিন্ন বিল পরিশোধের দায়িত্বও তিনি পালন করতেন।
এই সুযোগ কাজে লাগিয়ে বুই প্রায় ২৫ লাখ ৬২ হাজার ৯৪১ ডলার কোম্পানির ব্যাংক হিসাব থেকে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। শত শত লেনদেনের মাধ্যমে প্রায় ১০ বছর ধরে এই অর্থ সরানো হয় বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, চুরির বিষয়টি গোপন রাখতে বুই একবারে বড় অঙ্কের অর্থ সরানোর পরিবর্তে তুলনামূলক ছোট ছোট লেনদেনের মাধ্যমে টাকা নিজের হিসাবে নিতেন। পরে এসব অর্থ বিভিন্ন লেনদেনের মাধ্যমে পাচার করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া চুরি করা অর্থকে আয় হিসেবে ক্যালিফোর্নিয়ার কর কর্তৃপক্ষের কাছে ঘোষণা না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফলে তার বিরুদ্ধে অর্থ চুরির পাশাপাশি করসংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটির নতুন প্রেসিডেন্ট কিছু সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ড লক্ষ্য করেন। এরপর কোম্পানির ব্যাংক হিসাবের অডিট করা হলে কথিত অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ২০২৬ সালের ২ সেপ্টেম্বর বুইয়ের বিরুদ্ধে মোট ১০৬টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮৯টি অর্থ পাচারের অভিযোগ, ১০টি বড় ধরনের চুরি, পাঁচটি মিথ্যা কর রিটার্ন দাখিল, একটি কর রিটার্ন জমা না দেওয়া এবং একটি অনুমতি ছাড়া কম্পিউটার ব্যবহারের অভিযোগ।
এর পাশাপাশি তার বিরুদ্ধে ‘হোয়াইট-কলার ক্রাইম’ ও অর্থ পাচারের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, বিশ্বস্ত কর্মী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে নিয়োগকর্তার কাছ থেকে বিপুল অর্থ চুরি করা একটি পরিকল্পিত অপরাধ। তিনি বলেন, ব্যক্তিগত লোভের জন্য দায়িত্বের অপব্যবহার করা আর্থিক অপরাধীরা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
হকম্যান আরও বলেন, অর্থ চুরি, আত্মসাৎ, কর ফাঁকি, অর্থ পাচার কিংবা যেকোনো ধরনের আর্থিক অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুইয়ের মামলার প্রাথমিক শুনানি আগামী ১৯ অক্টোবর লস এঞ্জেলেসের ফল্টজ ক্রিমিনাল জাস্টিস সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন