গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান
ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি
ছবিঃ এলএবাংলাটাইমস
তীব্র উপকূলীয় ক্ষয়, অস্বাভাবিক উঁচু ঢেউ এবং বসতবাড়ি ও সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কাউন্টি কর্মকর্তারা বৃহস্পতিবার এ ঘোষণা দেন। উপকূলীয় এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সহায়তা পাওয়ার পথও এতে সহজ হবে।
শক্তিশালী ঢেউয়ের আঘাতে ডানা পয়েন্টের ক্যাপিস্ট্রানো বিচ এলাকায় সমুদ্রের ধারের কয়েকটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। এর আগে চলতি সপ্তাহে লাগুনা বিচ, সান ক্লেমেন্টে এবং ডানা পয়েন্ট শহরও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে চলমান উপকূলীয় পরিস্থিতির ভয়াবহতা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। একই সঙ্গে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলার মধ্যে রাজ্য ও ফেডারেল সরকারের কাছ থেকে অতিরিক্ত সম্পদ ও সহায়তা চাওয়ার সুযোগ তৈরি হবে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, উপকূলীয় এলাকার ঝুঁকি নিয়ে তারা বহু বছর ধরে ক্যালিফোর্নিয়া কোস্টাল কমিশনকে সতর্ক করে আসছেন। কিন্তু উপকূল রক্ষায় আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চলমান ক্ষয়ক্ষতির মধ্যেও সেই অনুমতি পাওয়ার বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে আছে বলে জানিয়েছেন তারা।
এদিকে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা ডানা পয়েন্ট, লাগুনা বিচসহ অন্যান্য উপকূলীয় এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুরো উপকূলজুড়ে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন।
অরেঞ্জ কাউন্টি বোর্ড অব সুপারভাইজরসের ভাইস চেয়ার ক্যাটরিনা ফোলি গভর্নর গ্যাভিন নিউসমের কাছে কাউন্টির উপকূলীয় এলাকাগুলোর জন্য রাজ্যব্যাপী জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছেন। এতে পুনরুদ্ধার কার্যক্রম এবং ২০২৬-২৭ সালের শীতকালীন ঝড়ের মৌসুম মোকাবিলার প্রস্তুতিতে সহায়তা মিলবে বলে তিনি জানিয়েছেন।
ফোলি বলেন, কাউন্টির জরুরি অবস্থা ঘোষণার ফলে অতিরিক্ত সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি হবে, অনুমোদন প্রক্রিয়া সহজ হবে এবং শীতকালে সম্ভাব্য ঝড় ও জলোচ্ছ্বাসের আগে ক্ষতিগ্রস্ত শহর ও বাসিন্দাদের সহায়তা করা দ্রুততর হবে।
তিনি আরও বলেন, সম্ভাব্য শক্তিশালী এল নিনো ঝড়ের মৌসুম সামনে রেখে উপকূল রক্ষা ও বড় ধরনের ঝড় মোকাবিলায় এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার ভাষায়, অরেঞ্জ কাউন্টিতে বালু উপকূলীয় অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। তাই দ্রুত বালু পুনঃস্থাপন এবং উপকূল সুরক্ষায় আরও সহায়তা প্রয়োজন।
ফোলি নিউসমকে শীত মৌসুমের আগেই প্রস্তুতি ও পুনরুদ্ধার প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য একটি নির্বাহী আদেশ অনুমোদনেরও আহ্বান জানিয়েছেন। এর মধ্যে ধ্বংসাবশেষ ও পলি অপসারণ, গাছপালা ব্যবস্থাপনা, খাল রক্ষণাবেক্ষণ, সেতু সুরক্ষা এবং বন্যার ঝুঁকি কমানোর বিভিন্ন কার্যক্রম রয়েছে।
ফোলির মতে, গভর্নরের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হলে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় আরও জোরদার হবে, বিভিন্ন সম্পদ ও সহায়তা পাওয়ার সুযোগ বাড়বে এবং স্থানীয় সরকারের উপকূল সুরক্ষা ও পুনরুদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় শহরগুলোর সঙ্গে ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও সমন্বয়ের কাজ এখনও চলছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন