পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা
ছবিঃ ফাইল ফুটেজ
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হান্টিংটন বিচের উপকূলীয় পানিতে ১০ থেকে ১২ ফুট লম্বা একটি বড় সাদা হাঙরের দেখা মিলেছে। হাঙরটিকে ‘আক্রমণাত্মক আচরণ’ করতে দেখা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে জনপ্রিয় এ সমুদ্রসৈকতের একটি বড় অংশে সাঁতার ও সার্ফিং বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর বিকেলে হাঙরটির উপস্থিতির খবর পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হান্টিংটন বিচ ফায়ার বিভাগের তথ্য অনুযায়ী, লাইফগার্ড টাওয়ার ১৬-এর কাছে হাঙরটি দেখতে পান একজন ফয়েলবোর্ড সার্ফার। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, হাঙরটি সমুদ্রের তীর থেকে প্রায় ৩০০ ফুট দূরে চক্কর দিচ্ছিল। বিকেল ৩টার দিকে এ বিষয়ে খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
সতর্কতার অংশ হিসেবে সিপয়েন্ট স্ট্রিট থেকে হান্টিংটন বিচ পিয়ার পর্যন্ত প্রায় দুই মাইল এলাকায় সমুদ্রের পানিতে নামা নিষিদ্ধ করা হয়েছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা জানানো হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পানি ব্যবহারের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাঙরটির উপস্থিতির খবর পাওয়ার পর ড্রোন, জেট স্কি ও উদ্ধারকারী নৌকা ব্যবহার করে অনুসন্ধান চালানো হয়। সৈকতেও টহল দেওয়া হয়। তবে এসব প্রচেষ্টার পরও হাঙরটির উপস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও খবরদাতা সার্ফারের তথ্যকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লং বিচের শার্ক ল্যাবের পরিচালক ক্রিস লোয়ের ধারণা, হাঙরটি পূর্ণবয়স্ক হতে পারে এবং খাবারের সন্ধানে ছিল। তাঁর গবেষক দল বুধবার ড্রোনসহ বিভিন্ন পদ্ধতিতে এলাকাটি পর্যবেক্ষণের পরিকল্পনা করেছে, যাতে হাঙরটির উপস্থিতি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, শরৎ ও বসন্তকালে হাঙরের চলাচল বেড়ে যাওয়ায় হান্টিংটন বিচের আশপাশে এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি দেখা যায়। এ বছর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সৈকতে হাঙর দেখার খবরও বেড়েছে। উষ্ণ সমুদ্রের পানির সঙ্গে সম্পর্কিত এল নিনোর প্রভাব এর একটি সম্ভাব্য কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শার্ক ল্যাবের গবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে সম্প্রতি পাঁচ থেকে ১০ ফুট লম্বা কমবয়সী সাদা হাঙরের উপস্থিতি দেখা গেছে। সাধারণত বছরের এ সময় এসব হাঙর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঞ্চলের কাছাকাছি থাকে। কিন্তু সেখানকার পানির তাপমাত্রা বেশি উষ্ণ হয়ে ওঠায় কিছু হাঙর উত্তরের দিকে সরে আসছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ সৈকতে অবস্থানরত সবাইকে সতর্কতামূলক নির্দেশনা ও লাইফগার্ডদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা না আসা পর্যন্ত বন্ধ ঘোষিত এলাকায় সমুদ্রের পানিতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন