বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা
লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান টম টিফানি একটি ছোট বিমান নিয়ে লেকে জরুরি অবতরণের পর সাঁতরে নিরাপদে উঠেছেন। এ ঘটনায় টিফানি ও বিমানের পাইলট দুজনই সামান্য আহত হয়েছেন।
শনিবার রাতে উইসকনসিনের ওয়াসাউ শহরের কাছে একটি ছোট বিমানে করে যাচ্ছিলেন টিফানি। এ সময় বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে পাইলট ওয়াসাউ লেকে জরুরি অবতরণ করতে বাধ্য হন বলে ম্যারাথন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে।
টিফানি জানান, লা ক্রস কাউন্টিতে একটি নৈশভোজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ওয়াসাউ ডাউনটাউন বিমানবন্দরের কাছে যাওয়ার সময় হঠাৎ বিমানের ইঞ্জিনের শক্তি কমে যায়। এরপর পাইলট লেকের পানিতে বিমানটি নামানোর সিদ্ধান্ত নেন।
লেকে নামার পর বিমানটি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে শুরু করে। তখন টিফানি ও পাইলট দ্রুত বিমান থেকে বেরিয়ে অগভীর পানির দিকে সাঁতরে যান। সেখানে অপেক্ষা করার সময় তারা জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন।
শেরিফের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৪৯ মিনিটে বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রায় ১৫ মিনিট পর রাত ৯টা ৫ মিনিটে ওয়াসাউ ফায়ার ডিপার্টমেন্টের একটি এয়ারবোট গিয়ে টিফানি ও পাইলটকে উদ্ধার করে।
ঘটনার সময় বিমানে টিফানি ও পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। বিমানটি ছিল এক ইঞ্জিনের বিচক্রাফট কে৩৫, যা ‘বোনানজা’ নামেও পরিচিত। এতে সর্বোচ্চ পাঁচজন যাত্রী বহন করা যায়।
টিফানির প্রচারণা শিবির জানিয়েছে, দুর্ঘটনায় তার ডান চোখের ওপরে সামান্য কেটে যায়। পাইলটও সামান্য আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিফানি লিখেছেন, বিমানটি পানিতে ডুবতে শুরু করলে তারা সেটি থেকে বেরিয়ে অগভীর পানির দিকে সাঁতরে যান এবং নৌকায় উদ্ধারকারী দল আসা পর্যন্ত অপেক্ষা করেন। তিনি আরও বলেন, এই ঘটনা তাকে জীবনের মূল্য কতটা, তা নতুন করে মনে করিয়ে দিয়েছে।
টিফানি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী ক্রিসও তার পাশে রয়েছেন।
বিমানটিতে যান্ত্রিক সমস্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এদিকে বিমানটি এখনো লেকের পানিতে রয়েছে এবং উদ্ধারকারী দল সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
টম টিফানি বর্তমানে উইসকনসিনের গভর্নর পদে রিপাবলিকান দলের প্রার্থী।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন