কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ
ছবিঃ এলএবাংলাটাইমস
৪৬ বছরের মধ্যে প্রথমবারের মতো গাড়ির নম্বর প্লেটের সিরিজের ধরন পরিবর্তন করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া। ১৯৮০ সাল থেকে রাজ্যের সাধারণ নম্বর প্লেটে প্রথমে একটি সংখ্যা, এরপর তিনটি অক্ষর এবং সবশেষে তিনটি সংখ্যা ব্যবহার করা হয়ে আসছে।
তবে এতদিনের ব্যবহারে সম্ভাব্য নম্বর ও অক্ষরের কম্বিনেশন প্রায় শেষ হয়ে গেছে। তাই নতুন সিরিজে নম্বর প্লেটের বিন্যাস বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নম্বর প্লেটে প্রথমে থাকবে তিনটি সংখ্যা, এরপর তিনটি অক্ষর এবং সবশেষে থাকবে একটি সংখ্যা। অর্থাৎ এতদিনের প্রচলিত বিন্যাসের বিপরীতে নতুন প্লেটে সংখ্যাগুলো দুই পাশে এবং অক্ষরগুলো মাঝখানে থাকবে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস (ডিএমভি) ইতোমধ্যে নতুন ধরনের নম্বর প্লেট তৈরি শুরু করেছে বলে জানা গেছে। তবে নতুন প্লেটগুলো ঠিক কবে থেকে গাড়িতে দেখা যাবে, তা এখনো স্পষ্ট নয়।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, নতুন এই বিন্যাসও প্রায় ৪০ বছর ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি নম্বর প্লেটের বিন্যাসে ১০ কোটির বেশি সম্ভাব্য কম্বিনেশন তৈরি করা সম্ভব।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন