তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়
ছবিঃ এলএবাংলাটাইমস
তীব্র গরম ও অতিরিক্ত আর্দ্রতার মধ্যে বৃহস্পতিবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস। এতে শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১২ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার (এলএডব্লিউপি) জানিয়েছে, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে বৈদ্যুতিক সরঞ্জামের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ওভারলোড দেখা দেয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চলতি সপ্তাহে দক্ষিণ লস এঞ্জেলেসে তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ অবস্থায় অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা টানা দুই দিন ধরে বিদ্যুৎহীন। অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম আরও অসহনীয় হয়ে উঠেছে বলেও জানান তারা।
দক্ষিণ লস এঞ্জেলেসে একটি ডে-কেয়ার পরিচালনাকারী কিয়ানা বার্ড বিদ্যুৎ না থাকায় টানা দুই দিন তাঁর ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, প্রচণ্ড গরমে থাকা খুবই কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়া ঠিকমতো ঘুমানো বা স্বাভাবিকভাবে কাজ করাও সম্ভব হচ্ছে না। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
বৃহস্পতিবার রাত পর্যন্ত বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এলএডব্লিউপি কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়ার পর সাধারণত চার থেকে ১২ ঘণ্টার মধ্যে কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তবে অনেক গ্রাহকের বিদ্যুৎ এর চেয়েও দ্রুত ফিরিয়ে দেওয়া হতে পারে। যত দ্রুত ও নিরাপদভাবে সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের ব্যস্ত অনেক সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা অন্ধকারে পড়ে যায়। যেসব মোড়ে ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যায়, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করতে কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এলএডব্লিউপি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি তীব্র গরমের এই সময়ে বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন