অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় অপ্রাপ্তবয়স্ক একজনের সঙ্গে আপত্তিকর উদ্দেশ্যে দেখা করার চেষ্টা করার অভিযোগে এক স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জেসন কেলার। তাঁর বয়স ৪৫ বছর। তিনি র্যাঞ্চো কুকামঙ্গার বাসিন্দা এবং অন্টারিও শহরের ভিনইয়ার্ড স্টিম একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্কুলটিতে ট্রানজিশনাল কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে। প্রতিষ্ঠানটি অন্টারিও-মন্টক্লেয়ার স্কুল ডিস্ট্রিক্টের অধীনে।
পুলিশের কাছে এক অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টা সংক্রান্ত অভিযোগ আসার পর কেলারকে নিয়ে তদন্ত শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম অরেঞ্জ কাউন্টি রেজিস্টারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তদন্তের পর গত ১৭ আগস্ট ক্যালিফোর্নিয়ার কোস্টা মেসার হারবার বুলেভার্ডের ৩২০০ ব্লক এলাকা থেকে পুলিশ কেলারকে গ্রেপ্তার করে।
অন্টারিও-মন্টক্লেয়ার স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট জেমস হ্যামন্ড বিষয়টি নিশ্চিত করে বলেন, জেসন কেলারের গ্রেপ্তারের ব্যাপারে ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে। কোস্টা মেসা পুলিশ বিভাগও বিষয়টি নিয়ে তদন্ত করছে।
তবে গোপনীয় কর্মী-সংক্রান্ত তথ্যের কারণে এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করবে না স্কুল ডিস্ট্রিক্ট—জানান হ্যামন্ড।
ভিনইয়ার্ড স্টিম একাডেমিতে যোগ দেওয়ার আগে কেলার র্যাঞ্চো কুকামঙ্গার আল্টা লোমা হাইস্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এখন পর্যন্ত অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন