টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
ছবিঃ এলএবাংলাটাইমস
টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিট) স্যালাডো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল AH-64 Apache মডেলের একটি যুদ্ধ হেলিকপ্টার। এটি কাছের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে অবস্থানরত ছিল। ফোর্ট হুড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যতম বড় সামরিক ঘাঁটি।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। সেখানে বড় ধরনের আগুনও জ্বলছিল, যা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।
ঘটনার পরপরই উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধার ও জরুরি কার্যক্রমে সহায়তা করা।”
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, AH-64 Apache একটি দুই ইঞ্জিন ও চার ব্লেডের যুদ্ধ হেলিকপ্টার। এটি সশস্ত্র নজরদারি, কাছাকাছি যুদ্ধ, দ্রুত হামলা এবং বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হয়।
হেলিকপ্টারটিতে সাধারণত দুইজন সেনাসদস্য থাকেন। পেছনের ককপিটে থাকেন পাইলট এবং সামনের আসনে থাকেন কো-পাইলট ও গানার।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে নিহত দুইজনই ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন