আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হাসিনা সরকারের ১৬ বছরে আটকে থাকা ৬ ছবি

হাসিনা সরকারের ১৬ বছরে আটকে থাকা ৬ ছবি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের টানা ১৬ বছরের শাসনামলে ছয়টি আলোচিত সিনেমা আটক বা নিষিদ্ধ ঘোষণা করেছিল সেন্সরবোর্ড। সংখ্যার বিচারে হয়ত এটি খুব বেশি নয়, কিন্তু বিশ্লেষকদের মতে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এটি একটি ভয়ংকর বার্তা দেয়। এই ৬টি ছবি না আটকালে ১৬ বছরে হয়তো এমন আরও ৬০টি ছবি নির্মাণ হতো। সংস্কৃতিবোদ্ধারা সরকারের এই আচরণকে ‌‘স্টপ দ্য ফ্রিডম অব স্পিচ’ বলে অভিহিত করেছেন। শেখ হাসিনা সরকারের শাসনামলে আটকে থাকা ছয় ছবির নাম-পরিচয় ও ধরণ জেনে নেওয়া যাক।


‘নমুনা’


১৫ বছর আগে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘নমুনা’ আটকে আছে। স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় নির্মাণ ছিল এটি। তার আগে ‘আহা’ বানিয়ে প্রশংসা কুড়ান এই পরিচালক। নির্ঝর পরিচালিত প্রথম ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পর, নিরীক্ষাধর্মী ছবি ‘নমুনা’র জন্য অনুদান পান তিনি। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি হয়েছে। পরিচালক তখন জানিয়েছিলেন, যারা একটু তরুণমনস্ক তাদের খুব ভালো লাগবে ছবিটি। অথচ, ছবিটি আটকে দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড।

কারণ, বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কিছু বাস্তবতা নিয়ে ছবিটি তৈরি হয়েছে। যেটাকে পলিটিক্যাল স্যাটায়ারও বলা যেতে পারে। গুঞ্জন রয়েছে হাসিনা-খালেদার নেতিবাচক রাজনৈতিক গল্প উঠে এসেছে এই সিনেমায়। যে ছবিটি ওয়ান ইলেভেনের মাইনাস টু ফর্মুলারও প্রতিচ্ছবি। ফলে ছবিটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৈরি হলেও মুক্তির প্রাক্কালে ক্ষমতায় আসে হাসিনা সরকার। যথারীতি আটকে যায়।


যদিও ১৫ বছর ধরেই নির্মাতা বলেছেন, এটি তরুণ সমাজের গল্প। নতুন বাংলাদেশের গল্প। এবার সেটি দেখার পালা, তারুণ্যে ভরা সরকার ছবিটির বিষয়ে কী করে। মজার তথ্য, যে গল্পটা বাস্তবে রচিত হয়েছে সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে। ধারণা করা হচ্ছে, এই গল্পটিই ১৫ বছর আগে নির্মাণ করে বসে ছিলেন এনামুল করিম নির্ঝর।

বিষয়টি নিয়ে লম্বা সময় কথা বলা বন্ধ করেছেন নির্মাতা। এখনও প্রায় চুপ। কারণ, নির্মাতা মনে করেন সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ এখনও আসেনি দেশে। যার ফলে সিনেমাটি হজম করতে পারবেন না শীর্ষরা। ফলে এখনও ‘নমুনা’ নিয়ে খুব বেশি আগ্রহী নন নির্ঝর।

এই নির্মাতা বলেন, ‘তখন সেন্সর বোর্ড থেকে আমাকে বেশ কিছু দৃশ্যের সংশোধন দিয়েছিল। যেগুলো আমার পক্ষে করা সম্ভব ছিল না। কারণ এমনিতেই সিনেমা নির্মাণে কেউ লগ্নি করতে চায় না এখন। তার ওপর নতুন করে শুটিংয়ের পর সংশোধন করতে যে অর্থের প্রয়োজন, সেটি আমার নেই। কে দেবে সে অর্থ আমাকে? তাই যেমন ছিল তেমনই পড়ে আছে। দেশের সামাজিক, রাজনৈতিক বাস্তবতা নিয়ে ছবিটি করা। অনুদানের ছবি তৈরির যে প্রক্রিয়া থাকে, সেগুলো মেনেই নির্মাণ করেছিলাম ছবিটি। তবুও আটকে আছে। জানি না, কখনও এটি মুক্তির মুখ দেখবে কি না।’

‘রানা প্লাজা’

কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুক্তির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলেন, আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন, ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দেশে-বিদেশের প্রেক্ষাগৃহ বা অন্য যেকোনো মাধ্যমেও ছবিটি দেখানো যাবে না। দীর্ঘ ৯ বছরে ছবিটি মুক্তি পায়নি।

জানা গেছে, ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে ‘ভীতিকর’ দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের তৎকালীন সভাপতি সিরাজুল ইসলাম রিট আবেদন করেন। তারই প্রেক্ষিতে হাইকোর্টের এই আদেশ জারি হয়। সেই থেকে এখনও অন্ধকারে ‘রানা প্লাজা’।

পরিচালক নজরুল ইসলাম খান তখন গণমাধ্যমে বলেছিলেন, ছবিটি বানাতে গিয়ে তিনি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছেন। এরপর আর কোনো ছবি বানাননি তিনি। তবে এই সময়ে এসে নির্মাতা আশাবাদী। ছবিটি মুক্তির বিষয়ে ফের আলো খুঁজে পাচ্ছেন।

নজরুল ইসলাম খানের ভাষায়, ‘আমার ছবিটি ঘিরে তথ্য মন্ত্রণালয়ের তৎকালীন (২০১৫ সাল) কর্মকর্তার অবিচারের ন্যায়বিচার পাবো এবার।’

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার বিভীষিকাময় ধ্বসের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘রানা প্লাজা’। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এটিই তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে আছেন সায়মন সাদিক। ছবিটি প্রযোজনা করেছেন শামীমা আক্তার।

‘আমার বাইসাইকেল - মর থেংগারি’

ছবিটি অন্ধকারে পড়ে থাকার বয়স এখন ৯ বছর। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমাও এটি। ২০১৫ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন অং। মাঝে টানা ৯টি বছর অনেক অনুরোধ আর যুদ্ধ করেও ছাড়পত্র মেলেনি মাত্র ৬৪ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ ছবিটি প্রদর্শনের।

অং রাখাইন জানান, ৬৪ মিনিটের ছবি থেকে ২৫ মিনিট কেটে ফেলতে বলেছে সেন্সর বোর্ড! তবেই মিলবে ছাড়পত্র। নির্মাতার প্রশ্ন, তাহলে সিনেমার আর থাকলো কি? তিনি শর্ত মানেননি। শুধু অপেক্ষায় ছিলেন সময়ের।

যে সময়টা এলো বলে, ৫ আগস্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে! যদিও যথেষ্ট সন্দেহ রয়েছে, নতুন সরকারও অং রাখাইনের মন আর সিনেমার মান অক্ষুণ্ণ রাখতে পারবেন কি না। কারণ এই সিনেমায় রয়েছে সেনাবাহিনী প্রসঙ্গে কিছু বিষয়। 

অং গণমাধ্যমে বলেন, ‘আমাকে অনেক ভোগানো হয়েছে। যখন এমনটা হচ্ছিল, আমি সেন্সর বোর্ড ভাইস চেয়ারম্যানকে বলেও আসছিলাম, সনদ লাগবে না। আপনারা যখন মনে করবেন, সনদটা আমার বাড়িতে পৌঁছে দিয়েন।’

সরকার বদলের পরেও অনেকটা একই প্রতিবাদ কিংবা অভিমানে অটল রয়েছে অং। বরং মন বসিয়েছেন নতুন সিনেমায়। হয় তো ভেবে নিয়েছেন, তার ছবিটির দায়িত্ব নেবে না কোনও সরকারই!

‘মাই বাইসাইকেল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল মনি চাকমা, ইন্দ্রিরা চাকমা, ইউ চিং হলা রাখাইন, বিনাই কান্তি চাকমা, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, জোরাদান চাকমা। ছবির গল্প পরিচালকের নিজের। চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। প্রযোজনা করেছেন মা নান খিং। ছবিটির পরিবেশক খনা টকিজ।

‘শনিবার বিকাল’

১৬ বছরের সেন্সরবোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোচিত সিনেমা ‘শনিবার বিকাল’। কারণ এর প্রেক্ষাপট ছিলো হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলা এবং এটি নির্মাণ করেছেন বিপ্লবী কণ্ঠ মোস্তফা সরয়ার ফারুকী। দুটো মিলেও কাবু হলেন না সেন্সর বোর্ডকর্তারা। এই ছবিটির ছাড়পত্রের জন্য নানান মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ হয়েছে সরকারের প্রতি। কিন্তু কাজ হলো না।

২০১৯ সালে ছবিটি ছাড়পত্রের জন্য জমা দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। 

ফারুকী মনে করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফল হিসেবে আর কোনো ছবি এভাবে আটকে থাকবে না। কারণ, এই আন্দোলনের অন্যতম অংশীদার নির্মাতাও।

তার ভাষ্যে, ‘কারও গলা চেপে ধরার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এই পরিবর্তনের জন্যই কিন্তু বিপ্লবগুলো হয়েছে। আমরা জেলখানায় থাকতে চাই না, এটাই তো সর্বশেষ আন্দোলনের মূল লক্ষ্য ছিলো।’

২০১৬ সালে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকাল’। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকে।

‘মেকআপ’

এটি নির্দিষ্ট কোনো ঘটনা বা দুর্ঘটনার আলোকে তৈরি সিনেমা নয়। তবে এতে লুকিয়ে থাকার কথা গ্ল্যামার ওয়ার্ল্ডের ভেতরের গল্প। যে গল্পে রয়েছে রাজনীতিরও খেলা। যথারীতি ছবিটি সবাইকে অবাক করে দিয়ে আটকে গেলো সেন্সর বোর্ডে।

২০২৩ সালের ২১ জানুয়ারি আপিল বিভাগে সর্বশেষ শুনানি হয়। তাতে আপিল বোর্ড জানায়, ‘সিনেমাটি খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য।’ 

অন্যদিকে সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু জানান, চলচ্চিত্র অঙ্গনের মানুষকে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করার অভিযোগে ‘মেকআপ’ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে!

এর বিপরীতে নির্মাতা অনন্য মামুনের ব্যাখ্যাটিও বেশ যৌক্তিক। তিনি মনে করেন, কোনো সিনেমাই নিষিদ্ধ করার সুযোগ নেই। বড়জোর সেন্সর বোর্ড তাদের পর্যবেক্ষণ বা সংশোধন দিতে পারে। এমনটি এডাল্ট মার্কও দিতে পারে। যার কিছুই না করে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড। 

তবে পরিবর্তিত নতুন বাংলাদেশে ‘মেকআপ’সহ আটকে থাকা সকল সিনেমাই মুক্তির আলোয় ডানা মেলবে বলে বিশ্বাস করেন অনন্য মামুন।

ঢাকাই চলচ্চিত্র শিল্পীদের জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মেকআপ’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।

‘অমীমাংসিত’

এটা হাসিনা শাসনামলে সিনেমার কফিনে মারা সর্বশেষ পেরেক। ওটিটি’র জন্য নির্মিত সিনেমাটি মাত্র মাস তিনেক আগে ‘প্রদর্শন উপযোগী’ নয় বলে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। অথচ ওটিটি কনটেন্ট-এর জন্য সেন্সরবোর্ড কথা বলারই কথা নয়। তবুও ছবিটি তলব করেছে বোর্ড। এবং নিষিদ্ধ করেছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে চারটি কারণ উল্লেখ করা হয়েছে ছবিটি নিষিদ্ধ করার ক্ষেত্রে-

১. চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে।

২. কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে।

৩. এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে।

৪. ঘটনা-সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে। 

লুকোনোর কিছু নেই। ছবিটি রায়হান রাফী নির্মাণ করেছেন হাসিনা আমলের সবচেয়ে বিতর্কিত ঘটনা সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। যে দম্পতির একমাত্র সন্তান মেঘ এখন পুড়ে যাওয়া বঙ্গবন্ধুর বাড়িটি পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন! অথচ বঙ্গবন্ধু কন্যার সরকারই তার বাবা-মায়ের হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি ১৬ বছরের শাসনামলেও। এমনকি এই নির্মম ঘটনা নিয়ে সিনেমা তৈরি করেও সেটি অজানা কারণে পড়ে রইলো অন্ধকারে। 

তিন মাস আগের স্মৃতি টেনে রায়হান রাফী বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দেওয়ার কথা শুনেছি প্রথমে। একদিন পরই শুনি অজানা কারণে আটকে দেওয়া হলো! যে কারণগুলো দেখালো, সেগুলো আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো। সব বুঝেও চুপচাপ ছিলাম। নির্মাতা হিসেবে আমাদের তো কিছু করার ছিল না। এখন আবার আবেদন করব। অনুমতি পেলে ভালো। না পেলে আবার চুপ থাকব।’

ছবিটির মুখ্য চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত