মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়ায় ফেডারেল এজেন্টদের অসদাচরণ রিপোর্টের জন্য অনলাইন পোর্টাল চালু
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অ্যাটর্নি জেনারেল রব বন্টা বুধবার একটি নতুন অনলাইন পোর্টাল চালুর ঘোষণা দিয়েছেন, যেখানে সাধারণ নাগরিকরা ফেডারেল এজেন্ট বা কর্মকর্তাদের সম্ভাব্য অবৈধ কার্যকলাপ সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে ছবি ও ভিডিও আপলোড করে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিসে পাঠানো যাবে, যা পরবর্তীতে ক্যালিফোর্নিয়ানদের অধিকার রক্ষায় সম্ভাব্য আইনি পদক্ষেপ নিতে সহায়ক হবে।
অ্যাটর্নি জেনারেল বন্টা বলেন, “ট্রাম্প প্রশাসন ভয় ও আতঙ্কের রাজনীতি চালাচ্ছে, যার ফলে ক্যালিফোর্নিয়ার অনেক মানুষ প্রতিদিনের জীবন নিয়ে আশঙ্কায় ভুগছেন। চিহ্নবিহীন সামরিক যান থেকে শুরু করে অপহরণের মতো আটক–সবকিছুই উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে ফেডারেল এজেন্টরা তাদের ক্ষমতার সীমা অতিক্রম করছে বলেই মনে হচ্ছে।” তিনি আরও বলেন, ফেডারেল এজেন্টরা আইন প্রয়োগ করতে পারলেও তা অবশ্যই সংবিধানসিদ্ধ ও বৈধ পদ্ধতিতে করতে হবে।
গভর্নর নিউসমও বন্টার কথার সঙ্গে একমত হয়ে বলেন, ক্যালিফোর্নিয়ায় কেউ—ফেডারেল এজেন্টসহ—ক্ষমতার অপব্যবহার করলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “এই নতুন পোর্টাল ক্যালিফোর্নিয়াবাসীর জন্য একটি নিরাপদ ও সহজ উপায় তৈরি করেছে, যাতে তারা তাদের অভিজ্ঞতা জানাতে পারেন এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
পোর্টালে অভিযোগ জমা দিতে ব্যবহারকারীদের ঠিকানা, ইমেইল, ফোন নম্বর এবং প্রয়োজনে আইনজীবীর তথ্য দিতে হবে। পাশাপাশি অভিযোগের ধরন নির্বাচন করতে হবে—যেমন ভোটে হস্তক্ষেপ/হুমকি, বিনা ওয়ারেন্টে তল্লাশি বা গ্রেপ্তার, নাগরিক অধিকার লঙ্ঘন, বা অতিরিক্ত বলপ্রয়োগ। সর্বোচ্চ ২০০০ অক্ষরে ঘটনার বিবরণ, আহত হওয়ার তথ্য এবং ছবি/ভিডিও সংযুক্ত করার সুবিধাও রয়েছে।
তবে নিউসম ও বন্টা সতর্ক করে জানান, পোর্টালে তথ্য জমা দিলেই যে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, এমন নয়। যাদের আইনি সহায়তা প্রয়োজন, তারা ক্যালিফোর্নিয়া স্টেট বার বা স্থানীয় আইন সহায়তা অফিসে যোগাযোগ করতে পারেন। আর কোনো ঘটনা চলমান অবস্থায় প্রত্যক্ষ করলে অবশ্যই ৯১১ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই পোর্টাল কোনো তাৎক্ষণিক আইন প্রয়োগকারী প্রতিক্রিয়া নিশ্চিত করে না।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিয়মিত সমালোচনামূলক অবস্থানে থাকা নিউসম সম্প্রতি অনলাইনে আরও সক্রিয় হয়েছেন। গত জুনে ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে জাতীয় গার্ড পাঠালে তা নিয়ে গভর্নর নিউসম এবং শহরের মেয়র কারেন ব্যাস তীব্র প্রতিক্রিয়া জানান। এরপর নিউসম হুঁশিয়ারি দেন যে, জাতীয় গভর্নরস অ্যাসোসিয়েশন যদি ট্রাম্পের এসব সিদ্ধান্তের নিন্দা না করে, তিনি সংগঠন ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন। ক্যালিফোর্নিয়া ও ইলিনয়েস—দুই অঙ্গরাজ্য গভর্নরই ওই মোতায়েনের বিরুদ্ধে মামলা করেন।
নিউসম বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে ন্যাশনাল গার্ড ব্যবহার করা বা অন্য রাজ্যে পাঠানো—সেই রাজ্যের গভর্নরের আপত্তি থাকা সত্ত্বেও—যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর স্বার্থের পরিপন্থী। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন