দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০
ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক
ছবিঃ এলএবাংলাটাইমস
ওহাইও অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে অমানবিক ও নাজুক পরিবেশে থাকা ১৬ শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় চারজন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ওহাইও ব্যুরো অব ইনভেস্টিগেশন (OBI) এবং স্থানীয় শেরিফের কার্যালয়ের সদস্যরা দক্ষিণ ওহাইওর ছোট্ট গ্রাম হ্যামডেন-এর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুদের উদ্ধার করেন। কর্মকর্তারা জানান, বাড়িটির পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও বসবাসের সম্পূর্ণ অনুপযোগী। উদ্ধার হওয়া বেশ কয়েকজন শিশুর অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন গ্যারি সাইডার্স জুনিয়র, গ্যারি সাইডার্স সিনিয়র, ক্রিস্টিনা সাইডার্স এবং এলিজাবেথ সাইডার্স। তাদের বিরুদ্ধে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার গুরুতর অপরাধে (ফেলনি চাইল্ড এন্ডেঞ্জারমেন্ট) মামলা করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এখনো বাকি রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুদের বয়স দেড় বছর থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ছেলে ও মেয়ে উভয়ই রয়েছে। কয়েকজন শিশুর শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে গুরুতর আঘাতের কারণে হেলিকপ্টারে করে বিশেষায়িত ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।
ওহাইওর অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি উইলসন বলেন, তাঁর পুরো কর্মজীবনে তিনি এত ভয়াবহ দৃশ্য কখনও দেখেননি। তিনি ঘটনাটিকে "নির্মম ও অমানবিক" বলে বর্ণনা করেন। তাঁর ভাষায়, এমন পরিবেশে মানুষ তো দূরের কথা, শিশুদের থাকার কথা কল্পনাও করা যায় না।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এটি মানবপাচারের কোনো ঘটনা নয়। তবে শিশুদের সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পারিবারিক সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা স্থানীয় বাসিন্দাও নন; ধারণা করা হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।
পুলিশ ওই বাড়িতে আরও একটি তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। বুধবার গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতে হাজির করা হবে।
অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি উইলসন বলেন, "এই শিশুদের জন্য অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন