আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে। দেশজুড়ে ছিল বর্ণিল আতশবাজি, বিমান মহড়া, কনসার্ট এবং নানা আয়োজন। তবে উৎসবের আনন্দের মধ্যেও অনেক অঙ্গরাজ্যে তীব্র তাপপ্রবাহ, বজ্রঝড় এবং বিদ্যুৎ বিভ্রাট মানুষের ভোগান্তির কারণ হয়েছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে জাতীয় মলে আয়োজিত "ফ্রিডম ২৫০" অনুষ্ঠানে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বজ্রঝড়ের কারণে অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হলেও শেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ট্রাম্প বলেন, "আমেরিকান স্বপ্ন আবার ফিরে এসেছে।" তিনি আরও বলেন, "এটি আমেরিকার নতুন স্বর্ণযুগের সূচনা।"

প্রতি বছরের মতো ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা হলেও এবার দিনটি ছিল বিশেষ। কারণ ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০ বছর পূর্ণ হয়েছে।

তবে এই উদযাপনকে ঘিরে রাজনৈতিক বিতর্কও দেখা যায়। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প "ফ্রিডম ২৫০" কর্মসূচিকে নিজের রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে ব্যবহার করেছেন। অন্যদিকে, কংগ্রেসের তত্ত্বাবধানে আলাদাভাবে "আমেরিকা ২৫০" নামে জাতীয় উদযাপনও অনুষ্ঠিত হয়।

ওয়াশিংটনের অনুষ্ঠানে নতুন এয়ার ফোর্স ওয়ান বিমানের বিশেষ ফ্লাইওভার, সামরিক বিমান প্রদর্শনী, কনসার্ট এবং আতশবাজির আয়োজন ছিল। বজ্রঝড়ের আশঙ্কায় সন্ধ্যায় কিছু সময়ের জন্য জাতীয় মল খালি করে দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

এদিকে রাজধানীর রাস্তায় প্রায় ৪০০ সদস্যের শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন প্যাট্রিয়ট ফ্রন্টকে মার্কিন পতাকা হাতে মিছিল করতে দেখা যায়। মুখোশ পরা সদস্যদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দেশের বিভিন্ন শহরেও স্বাধীনতা দিবস উপলক্ষে নানা আয়োজন হয়। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নে-ইয়ো ও মেরি জে. ব্লাইজ, লস অ্যাঞ্জেলেসে দ্য স্ম্যাশিং পাম্পকিনস ও চাকা খান এবং ফিলাডেলফিয়ায় ক্রিস্টিনা আগুইলেরা ও উইল স্মিথ সঙ্গীত পরিবেশন করেন।

ফিলাডেলফিয়ার ঐতিহাসিক ইন্ডিপেনডেন্স হল-এ স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া আমেরিকা ২৫০ আয়োজকেরা একটি টাইম ক্যাপসুল মাটিতে সংরক্ষণ করেন, যা ২০০ বছর পর খোলা হবে। এতে কোকা-কোলার বোতল, সংবিধানের স্বাক্ষরিত কপি এবং ৫০টি অঙ্গরাজ্য ও বিভিন্ন অঞ্চলের স্মারক রাখা হয়েছে।

ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বাসভবনে ৫০টি দেশের ১৫০ জন অভিবাসীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব দেওয়া হয়। তারা যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা ও দেশের প্রতি আনুগত্যের শপথ নেন।

অন্যদিকে নিউইয়র্কে ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় জোয়ি চেস্টনাট ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে ১৮তমবারের মতো চ্যাম্পিয়ন হন। নারীদের বিভাগে মিকি সুডো ৩৮ ও তিন-চতুর্থাংশ হটডগ খেয়ে ১২তম শিরোপা জেতেন।

স্বাধীনতা দিবসের উৎসবের মাঝেই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ছিল। অনেক এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। অতিরিক্ত গরমের কারণে ওয়াশিংটনের স্বাধীনতা দিবসের প্যারেডসহ নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও কলোরাডোর কিছু অনুষ্ঠান বাতিল করা হয়।

বজ্রঝড় ও ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়ার কারণে মিশিগানসহ একাধিক অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পূর্বাঞ্চলে প্রায় সাড়ে সাত লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। পেনসিলভানিয়া, ইলিনয়, ওহাইও, নিউইয়র্ক ও উইসকনসিনেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে জীবিত চার সাবেক মার্কিন প্রেসিডেন্টও শুভেচ্ছা বার্তা দেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সব মানুষ সমান—এই আদর্শ বাস্তবায়নের কাজ এখনও শেষ হয়নি।

বারাক ওবামা বলেন, দেশের প্রতিষ্ঠাকালীন আদর্শ পূরণে এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং প্রতিটি প্রজন্মের দায়িত্ব সেই কাজ এগিয়ে নেওয়া।

জর্জ ডব্লিউ বুশ বলেন, আগামী ২৫০ বছর সফল করতে নাগরিকদের শুধু দর্শক হয়ে থাকলে চলবে না, দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অন্যদিকে বিল ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে গভীর রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত