অধিবেশন শুরু, বৃহস্পতিবার বাজেট পেশ
শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন তথা দেশের ৪৭তম বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী নির্বাচনের পর চলতি সংসদের এমপি ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন জাতীয় পার্টির সদস্য। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হয়ে যায়। আর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ১২ জুলাই পর্যন্ত অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে ১০ জুন। ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট পাস হবে ২৮ জুন। রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় এবং ঈদের পর বেলা ৩টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত হয়। ঈদুল ফিতর উপলক্ষে ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। ১৮ জুন অধিবেশন পুনরায় শুরু হবে। আগামীকাল বেলা সাড়ে ১২টায় ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট উপস্থাপনায় তিনি একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। আগের রেকর্ড ভেঙে এবার ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি। এটি আওয়ামী লীগ সরকারের ১৯তম বাজেট। ব্যক্তিগতভাবে এটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ১২তম বাজেট উপস্থাপন। এ ছাড়া দেশের ৪৭তম বাজেট। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।
শোক প্রস্তাব গ্রহণ : অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদে দশম জাতীয় সংসদের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মামদুদুর রহমান, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এ বি এম শাহজাহান, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সংসদ- সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য খন্দকার মু. খুররম, সাবেক সংসদ সদস্য বেগম আমিনা বারী, সাবেক সংসদ সদস্য চমন আরা বেগমকে স্মরণ করা হয়। এ ছাড়া কবি বেলাল চৌধুরী, বিচারপতি আমিরুল কবীর চৌধুরী, ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম, ভাষাসৈনিক চান্দু মিয়া, বীরপ্রতীক হামিদুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিবনগর সরকারের অর্থনৈতিক উপদেষ্টা আবুল খায়ের চৌধুরীর মৃত্যুতে সংসদ সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করে। সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাঈদুল ইসলামের ওপর আলোচনা : মাঈদুল ইসলামের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, মাঈদুল ইসলাম সত্যিকার অর্থে একজন সৎ ও দানশীল মানুষ ছিলেন। ভালো রাজনীতিবিদ ছিলেন। এলাকার উন্নয়ন ও মানুষের কথা ভাবতেন। পড়াশোনা করতেন। নিজে বই লিখেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কেউ পূরণ করতে পারবেন বলে মনে হয় না। চলমান সংসদে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির এমপি ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, তাজুল ইসলাম, রওশন আরা মান্নান, নুরুল ইসলাম ওমর, নুর-ই হাসনা লিলি চৌধুরী সংসদে বক্তব্য রাখেন।
সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন : এর আগে অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম।
বুধবার বাজেট পেশ
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হবে বেশি, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এবারও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন অর্থমন্ত্রী। এবার এর সঙ্গে যুক্ত হবে একটি ভিডিওচিত্র। ওই ভিডিওচিত্রে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে। এর আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতি অনুমোদন করবেন। এদিন সংসদ ভবনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
News Desk
শেয়ার করুন