ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম
ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় নির্দিষ্ট কিছু নতুন টায়ার বিক্রিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা কার্যকর করতে নতুন নিয়ম অনুমোদন করেছে রাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা। নতুন জ্বালানি-সাশ্রয়ী মান পূরণ না করা টায়ারগুলো আর বিক্রি করা যাবে না।
রাজ্য কর্তৃপক্ষ বলছে, নতুন নিয়মের ফলে গাড়ির জ্বালানি খরচ কমবে এবং দীর্ঘমেয়াদে চালকদের অর্থ সাশ্রয় হবে।
তবে টায়ার প্রস্তুতকারকরা বলছেন, নতুন নিয়মের কারণে গ্রাহকদের শুরুতেই টায়ার কিনতে কয়েকশ ডলার বেশি খরচ হতে পারে।
টায়ার শিল্পের প্রতিনিধি ব্রেট গ্ল্যাডফেল্টি বলেন, ক্যালিফোর্নিয়ায় যারা বর্তমানে জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন, তাদের ওপর এই নিয়মের প্রভাব পড়বে। বিশেষ করে দ্বিতীয় ধাপের নিয়ম কার্যকর হলে পরিবারের খরচ কয়েকশ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার নিজেদের তথ্য বিশ্লেষণ করলেও এই বাড়তি খরচের বিষয়টি দেখা যায়। তাই দ্বিতীয় ধাপের নিয়ম এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে তারা হতাশ।
অন্যদিকে নতুন নিয়মের সমর্থকেরা বলছেন, শুরুতে বাড়তি খরচ হলেও পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সেই অর্থ উঠে আসবে। ফলে দীর্ঘমেয়াদে গ্রাহকরাই লাভবান হবেন।
ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে তারা নজরদারি ও প্রয়োগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তারা দাবি করেছেন।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, নতুন মানের প্রথম ধাপ ২০২৯ সালে কার্যকর হবে। এরপর ২০৩৩ সালে আরও কঠোর মানদণ্ড চালু করা হবে।
নতুন নিয়ম মূলত এমন প্রতিস্থাপন টায়ারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যেগুলো নির্ধারিত জ্বালানি-সাশ্রয়ী মান পূরণ করে না। রাজ্য কর্তৃপক্ষের আশা, এর ফলে গাড়ির জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে ক্যালিফোর্নিয়ার চালকদের খরচ কমবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন